মদিনার অদূরে কোবা মসজিদ
মদিনার অদূরে কোবা মসজিদ

ভ্রমণ

মক্কা ও মদিনার ১৬ দর্শনীয় স্থান

মক্কা ও মদিনার প্রতিটি ধূলিকণায় মিশে আছে ইসলামের ইতিহাস। হজের সফরে হজযাত্রীরা সাধারণত যেসব স্থানে জিয়ারা (ভ্রমণ) করেন, তার একটি তালিকা নিচে দেওয়া হলো:

মদিনার ঐতিহাসিক স্থান

১. মসজিদে কোবা: ইসলামের ইতিহাসে নির্মিত প্রথম মসজিদ। এখানে দুই রাকাত নামাজ পড়লে একটি ওমরাহর সওয়াব পাওয়া যায়। (সুনানে তিরমিজি, হাদিস: ৩২৪)

২. মসজিদে কিবলাতাইন: নামাজের ভেতরেই কিবলা পরিবর্তনের ঐতিহাসিক ঘটনার সাক্ষী এই ‘দুই কিবলার মসজিদ’।

৩. উহুদ পাহাড় ও শহীদদের কবরস্থান: ওহুদ যুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান। এখানে হজরত হামজা (রা.)-সহ ৭০ জন সাহাবির কবর রয়েছে।

৪. মসজিদে গামামাহ: মসজিদে নববির দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। এখানে নবীজি (সা.) বৃষ্টির জন্য দোয়া করেছিলেন এবং ঈদের নামাজ পড়েছিলেন।

৫. খন্দক (সাত মসজিদ): আহজাব বা পরিখা যুদ্ধের স্মৃতিবাহী এলাকা। এখানে সাতটি ছোট ছোট মসজিদ রয়েছে।

৬. জান্নাতুল বাকি: মসজিদে নববির পাশেই অবস্থিত প্রধান কবরস্থান। এখানে নবীজির পরিবারের সদস্য ও প্রায় ১০ হাজার সাহাবির সমাধি রয়েছে।

৭. মসজিদে জুমা: হিজরতের সময় কুবাপল্লি থেকে মদিনায় যাওয়ার পথে নবীজি (সা.) যেখানে প্রথম জুমার নামাজ পড়েছিলেন।

৮. বাদশাহ ফাহাদ কোরআন কমপ্লেক্স: বিশ্বের বৃহত্তম কোরআন মুদ্রণ কেন্দ্র। হজযাত্রীদের এখানে একটি করে কোরআন উপহার দেওয়া হয়।

মক্কার ঐতিহাসিক স্থান

১. জাবালে নুর (হেরা গুহা): এই পাহাড়ের চূড়ায় অবস্থিত গুহায় নবীজির কাছে প্রথম ওহি (সুরা আলাক) নাজিল হয়েছিল।

২. জাবালে সওর: হিজরতের সময় নবীজি (সা.) ও আবু বকর (রা.) এই পাহাড়ের গুহায় তিন দিন আত্মগোপন করেছিলেন।

৩. জান্নাতুল মুয়াল্লা: মক্কার প্রাচীন কবরস্থান। এখানে উম্মুল মুমিনিন হজরত খাদিজা (রা.)-সহ বহু সাহাবির সমাধি রয়েছে।

৪. মসজিদে জিন: যেখানে জিনের একটি দল নবীজির কাছে কোরআন পাঠ শুনে ইসলাম গ্রহণ করেছিল।

৫. মসজিদে হুদায়বিয়া: ঐতিহাসিক হুদায়বিয়ার সন্ধি যেখানে স্বাক্ষরিত হয়েছিল। এটি মক্কা থেকে প্রায় ১৫ কিমি দূরে।

৬. জাবালে রহমত: আরাফাতের ময়দানে অবস্থিত পাহাড়। এখানে দাঁড়িয়ে নবীজি (সা.) বিদায় হজের ভাষণ দিয়েছিলেন।

৭. মসজিদে নামিরা: আরাফাতের ময়দানে অবস্থিত বিশাল মসজিদ, যেখান থেকে হজের খুতবা দেওয়া হয়।

৮. মিশআলুল হারাম ও মুজদালিফা: হাজিরা যেখানে ১০ জিলহজ রাত কাটান এবং পাথর সংগ্রহ করেন।