রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয় দেশ-বিদেশের বরেণ্য আলেম ও ইসলামি অর্থনীতিবিদদের এক মিলনমেলা ‘বাংলাদেশ ইসলামিক ফাইন্যান্স সামিট ২০২৬’ (বিআইএফএস ২০২৬)
রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয় দেশ-বিদেশের বরেণ্য আলেম ও ইসলামি অর্থনীতিবিদদের এক মিলনমেলা ‘বাংলাদেশ ইসলামিক ফাইন্যান্স সামিট ২০২৬’ (বিআইএফএস ২০২৬)

ইসলামিক ফাইন্যান্স সামিট থেকে বার্তা

‘ইসলাম শুধু মসজিদের ধর্ম নয়, হালাল লেনদেনও ইবাদত’

আমাদের সমাজে অনেক ধর্মপ্রাণ মানুষ নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন, রমজানে রোজা রাখেন, দান-সদকাও করেন। কিন্তু ব্যবসা-বাণিজ্য, চাকরি কিংবা আর্থিক লেনদেনের বেলায় এসে অনেকেই দ্বিধায় পড়ে যান।

অনেকেরই ধারণা, ধর্মের গণ্ডি বুঝি শুধু মসজিদ, তসবিহ আর ব্যক্তিগত কিছু আচার-অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ; আধুনিক অর্থনীতি বা আর্থিক লেনদেনের সঙ্গে ধর্মের সম্পর্ক কী? অথচ ইসলামের দৃষ্টিতে হালাল উপার্জন ও সুদমুক্ত স্বচ্ছ লেনদেন ছাড়া কোনো ইবাদতই পূর্ণতা পায় না।

মহানবী (সা.) সতর্ক করে বলেছেন, যে ব্যক্তির খাদ্য, পানীয় ও পোশাক হারাম উপার্জনে অর্জিত, দীর্ঘ সফরে ক্লান্ত হয়ে আকাশের দিকে হাত তুলে দোয়া করলেও আল্লাহর দরবারে তার দোয়া কবুল হয় না। (সহিহ মুসলিম, হাদিস: ১০১৫)

হালাল রিজিকের এই নিরন্তর লড়াই শুধু বাংলাদেশের মানুষের একার নয়; বরং পৃথিবীর নানা প্রান্তের মুসলিম সমাজই আজ সুদমুক্ত ও কল্যাণমুখী জীবনের পথ খুঁজছে। সেই বিশ্বব্যাপী পথচলার গল্প, অভিজ্ঞতা ও ধর্মীয় দিকনির্দেশনা বিনিময়ের লক্ষ্যেই গত ২২ থেকে ২৫ নভেম্বর ঢাকায় বসেছিল দেশ-বিদেশের বরেণ্য আলেম ও ইসলামি অর্থনীতিবিদদের এক মিলনমেলা।

রাজধানীর একটি হোটেলে মঙ্গলবার (২৪ নভেম্বর) অনুষ্ঠিত হয় ‘বাংলাদেশ ইসলামিক ফাইন্যান্স সামিট ২০২৬’ (বিআইএফএস ২০২৬)-এর মূল আসর। সিটি ইসলামিকের উপস্থাপনায়, আইএফএ কনসালটেন্সি (আইএফএসি) ও আদল অ্যাডভাইজরি গ্রুপের যৌথ আয়োজনে এবং আন্তর্জাতিক মানদণ্ড নির্ধারণী সংস্থা এএওআইএফআই (আউফি) সহযোগিতায় আয়োজিত এই সম্মেলনের প্রতিপাদ্য ছিল—‘ট্রাস্ট, রিফর্ম অ্যান্ড গ্রোথ: স্কেলিং শরিয়াহ-কমপ্লায়েন্ট ফাইন্যান্স ইন বাংলাদেশ’।

মসজিদ থেকে বাজার: পূর্ণাঙ্গ দীনের দাবি

সম্মেলনে ধর্মীয় মূলনীতির ওপর আলোকপাত করে পাকিস্তান মাদ্রাসা শিক্ষা বোর্ডের মহাসচিব শায়খ মাওলানা মুহাম্মদ হানিফ জলন্ধরি মনে করিয়ে দেন, ইসলাম শুধু কিছু ব্যক্তিগত আচারসর্বস্ব ধর্ম নয়; বরং এটি একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা বা ‘দীন’।

যাঁরা সুদ বর্জন করেন না, তাঁদের বিরুদ্ধে কোরআনে আল্লাহ ও তাঁর রাসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা দেওয়া হয়েছে। (সুরা বাকারা, আয়াত: ২৭৯)। মাওলানা জলন্ধরি বলেন, মহান আল্লাহ যেমন সুদকে হারাম করেছেন, তেমনি মানুষের প্রয়োজন বিবেচনায় হালাল বিকল্পও উন্মুক্ত রেখেছেন। 

বর্তমান ইসলামি ব্যাংকিং ব্যবস্থা এখনো শতভাগ পূর্ণতায় না পৌঁছালেও এটি নিঃসন্দেহে সঠিক পথে একটি প্রশংসনীয় পদক্ষেপ।

উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহমেদ

বিশ্বজুড়ে সুদমুক্ত হওয়ার গল্প

সম্মেলনের সবচেয়ে অনুপ্রেরণাদায়ী দিক ছিল বিশ্বের পাঁচটি ভিন্ন অঞ্চলের মানুষের সুদমুক্ত অর্থব্যবস্থা গড়ে তোলার বাস্তব অভিজ্ঞতা। ড. মুফতি ইউসুফ সুলতানের সঞ্চালনায় আলোচনায় উঠে আসে, কীভাবে নানা প্রতিকূলতা পেরিয়ে বিভিন্ন দেশের মানুষ হালাল লেনদেনের দিকে ফিরছেন।

পাকিস্তানের রূপান্তরের লড়াই: প্রচলিত সুদভিত্তিক কাঠামো ভেঙে ২০২৮ সালের মধ্যে পুরো দেশের অর্থব্যবস্থাকে সুদমুক্ত করার পথে হাঁটছে পাকিস্তান।

দেশটির অভিজ্ঞতা তুলে ধরে শায়ান আহমেদ বেগ শোনান এক অনিবার্য সত্য— শুধু আইন বা সংবিধান বদলালেই সমাজ সুদমুক্ত হয় না; এর জন্য প্রয়োজন মানুষের মানসিকতা, সংস্কৃতি ও শীর্ষ পর্যায়ের আন্তরিক অঙ্গীকার।

উজবেকিস্তানের শিকড়ে ফেরা: দীর্ঘকাল ধর্মীয় বিধিনিষেধের মধ্যে থাকা মধ্য এশিয়ার মুসলিম দেশ উজবেকিস্তানেও আজ বইছে পরিবর্তনের হাওয়া।

দেশটির প্রতিনিধি মুজাফফর খুশনিদিনভ শোনান, সাধারণ মানুষের দীর্ঘদিনের তীব্র চাহিদার কারণেই প্রায় পাঁচ বছরের নিরলস প্রস্তুতি শেষে সেখানে প্রথমবারের মতো ইসলামি ব্যাংকিং আইন পাস হয়েছে। আলেম ও বিশেষজ্ঞদের সমন্বয়ে সেখানে ব্যাংকিংয়ের পাশাপাশি ইসলামের ঐতিহ্যবাহী ‘ওয়াকফ’ ও ‘তাকাফুল’ (ইসলামি বিমা) ব্যবস্থাও গড়ে তোলা হচ্ছে।

মালয়েশিয়ার স্বচ্ছতা ও আস্থার গল্প: শরিয়াহর ব্যাখ্যায় মতপার্থক্য (ইখতিলাফ) অনেক সময় সাধারণ মানুষের মনে বিভ্রান্তি তৈরি করে। মালয়েশিয়ার প্রতিনিধি মোহাম্মদ সালিহিন দেরিস জানান, কীভাবে তাঁরা কেন্দ্রীয় শরিয়াহ পরিষদের মাধ্যমে এই মতপার্থক্য নিরসন করেছেন।

তাঁর মতে, শরিয়াহর অনুসরণ শুধু ফতোয়ার কাগজে সীমাবদ্ধ থাকলে চলবে না; প্রতিটি লেনদেনে এর বাস্তব প্রয়োগ নিশ্চিত করতে কঠোর শরিয়াহ তদারকি ও নিরীক্ষা অপরিহার্য।

সামিটে উপস্থিত ছিলেন দেশ-বিদেশের শতাধিক বরেণ্য আলেম ও ইসলামি অর্থনীতিবিদ

আফ্রিকা ও মালদ্বীপের মানবিক দৃষ্টান্ত: আফ্রিকার ২৮টি দেশে আজ সুদমুক্ত অর্থায়নের মাধ্যমে সাধারণ মানুষের জীবন বদলে যাচ্ছে।

ড. হাবিবুল্লাহ জাকারিয়া জানান, নাইজেরিয়ায় শরিয়াহসম্মত ‘সুকুক’ বা ইসলামি বন্ডের মাধ্যমে তৈরি হচ্ছে সাধারণ মানুষের চলাচলের রাস্তাঘাট, আর সেনেগাল ও তানজানিয়ায় প্রান্তিক গ্রামীণ জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে কাজ করছে সুদমুক্ত ক্ষুদ্রঋণ।

অন্যদিকে ছোট্ট দ্বীপরাষ্ট্র মালদ্বীপের প্রতিনিধি হারিজ সুলাইমান শোনান, কীভাবে মাত্র ২০ বছরের সম্মিলিত প্রচেষ্টায় একটি ছোট দেশও সুদমুক্ত অর্থব্যবস্থায় বিশ্বের শীর্ষ সারিতে জায়গা করে নিতে পারে।

মুনাফা নয়, লক্ষ্য হোক মানবকল্যাণ

পবিত্র কোরআনে সম্পদের বণ্টন নিয়ে মহান আল্লাহ চিরন্তন নীতিমালা দিয়েছেন, ‘যাতে সম্পদ শুধু তোমাদের বিত্তশালীদের মধ্যেই আবর্তিত না হয়।’ (সুরা হাশর, আয়াত: ৭)

ঢাকার সম্মেলনে উপস্থিত দেশি-বিদেশি আলেম ও গবেষকেরাও এই কোরআনি দর্শনকেই সামনে নিয়ে আসেন। তাঁরা বলেন, ইসলামি অর্থনীতির সাফল্য শুধু বড় বড় অট্টালিকা বা সম্পদের অঙ্কে মাপা যাবে না; এর প্রকৃত সার্থকতা নিহিত আছে সাধারণ ও প্রান্তিক মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার মধ্যে।

এ জন্য ব্যাংকিংয়ের পাশাপাশি জাকাত, ওয়াকফ ও সদকার মতো ইসলামের সামাজিক কল্যাণমূলক ব্যবস্থাগুলোকে মূলধারার প্রাতিষ্ঠানিক কাঠামোয় যুক্ত করার আহ্বান জানান তাঁরা।

সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহমেদ। এতে বিশেষ অতিথি ছিলেন বিএসইসি চেয়ারম্যান মাসুদ খান। এ ছাড়া বিশ্বখ্যাত শরিয়াহ স্কলার ড. ফাহদ আল-শাগদারি, ড. আহসান লাহসাসনা, ড. মোহাম্মদ মানজুরে ইলাহী, মুফতি আবদুল্লাহ মাসুমসহ বাংলাদেশ ও ছয়টি দেশের প্রায় ৪০০ প্রতিনিধি অংশ নেন।