মহান আল্লাহর অসংখ্য সুন্দর ও গুণবাচক নাম রয়েছে, যেগুলোকে কোরআনের ভাষায় বলা হয় ‘আসমাউল হুসনা’। মুমিনরা বিপদে-আপদে, দোয়ায় ও জিকিরে এসব পবিত্র নামের মাধ্যমেই আল্লাহকে ডাকেন।
কিন্তু ইসলামি বিশ্বাসের একটি মূলনীতি হলো আল্লাহর নাম ও গুণাবলির (আসমা ও সিফাত) ক্ষেত্রে মানুষ নিজের মনগড়া কোনো নাম বানাতে পারে না। আল্লাহ ও তাঁর রাসুল (সা.) যেসব নামে তাঁকে ডাকার অনুমতি দিয়েছেন, শুধু সেসব নামেই তাঁকে ডাকা বৈধ।
ইসলামে আল্লাহর নামগুলো ওহি বা কোরআন-হাদিস দ্বারা সুনির্দিষ্ট; যাকে বলে তাওকিফি। কোনো মানুষ নিজের বুদ্ধি, আবেগ বা যুক্তি দিয়ে আল্লাহর জন্য নতুন কোনো নাম তৈরি করতে পারবে না। এমনকি সেই নামের অর্থ আপাতদৃষ্টে ভালো মনে হলেও তা বৈধ নয়।
পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘আর আল্লাহর জন্যই রয়েছে সুন্দর সুন্দর নাম। অতএব তোমরা তাঁকে সেসব নামেই ডাকো। আর যারা তাঁর নাম বিকৃত করে (বা মনগড়া নাম রাখে), তাদের বর্জন করো। অচিরেই তাদের কৃতকর্মের ফল দেওয়া হবে।’ (সুরা আরাফ, আয়াত: ১৮০)
আদম সন্তান আমাকে কষ্ট দেয়; সে সময়কে (দাহর) গালি দেয়, অথচ আমিই সময়ের নিয়ন্ত্রক। আমার হাতেই সব ক্ষমতা, আমিই রাত ও দিনের পরিবর্তন ঘটাই।সহিহ বুখারি, হাদিস: ৪৮২৬
যে নামগুলোতে আল্লাহকে ডাকা কঠোরভাবে নিষিদ্ধ:
‘দাহর’ নামে ডাকা: অনেকেই বিপদে পড়ে বা হতাশায় সময়কে গালি দেন কিংবা সময়কেই স্রষ্টা বা নিয়ন্ত্রক মনে করে ‘দাহর’ নামে ডাকেন।
রাসুল (সা.) হাদিসে কুদসিতে উল্লেখ করেছেন, আল্লাহ–তাআলা বলেন, ‘আদম সন্তান আমাকে কষ্ট দেয়; সে সময়কে (দাহর) গালি দেয়, অথচ আমিই সময়ের নিয়ন্ত্রক। আমার হাতেই সব ক্ষমতা, আমিই রাত ও দিনের পরিবর্তন ঘটাই।’ (সহিহ বুখারি, হাদিস: ৪৮২৬)
তাই ‘দাহর’ বা সময়কে আল্লাহর নাম হিসেবে ব্যবহার করা নিষেধ।
নেতিবাচক অর্থবোধক নাম: কোরআনে কিছু বিশেষ প্রেক্ষাপটে আল্লাহর কিছু কাজের বর্ণনা এসেছে, কিন্তু সেগুলো থেকে সরাসরি আল্লাহর নাম গ্রহণ করা নিষেধ। যেমন কোরআনে কাফেরদের ষড়যন্ত্রের বিপরীতে আল্লাহ নিজেকে ‘খাইরুল মাকিরিন’ (সর্বশ্রেষ্ঠ কৌশলী) বলেছেন। (সুরা আলে ইমরান, আয়াত: ৫৪)
কিন্তু এর অর্থ এই নয় যে আল্লাহকে ‘মাকির’ নামে ডাকা যাবে। কারণ, এটি শুধু শত্রুর চক্রান্ত নস্যাৎ করার বিপরীতে ব্যবহৃত হয়েছে, যা আল্লাহর স্বতন্ত্র কোনো নাম নয়।
ত্রুটির ইঙ্গিত থাকে এমন নাম: এমন কোনো শব্দ বা নামে আল্লাহকে ডাকা নিষেধ, যা তাঁর পূর্ণতা, অমুখাপেক্ষিতা বা মহত্ত্বের সঙ্গে সাংঘর্ষিক। যেমন আল্লাহকে ‘সাখি’ (দানশীল অর্থে প্রচলিত মানবীয় শব্দ), ‘ফকিহ’ (আইনজ্ঞ), ‘তবিব’ (চিকিৎসক—যদিও তিনি আরোগ্যদাতা ‘শাফি’, কিন্তু প্রচলিত ডাক্তার অর্থে ‘তবিব’ নয়) বা ‘আকিল’ (বুদ্ধিমান) নামে ডাকা নিষেধ।
কারণ, মানুষের ক্ষেত্রে এসব শব্দ সীমাবদ্ধ জ্ঞান বা গবেষণার পর সিদ্ধান্ত নেওয়ার অর্থ বহন করে, যা আল্লাহর ক্ষেত্রে প্রযোজ্য নয়।
আল্লাহর নামের ক্ষেত্রে বিকৃতি হলো, আল্লাহর গুণবাচক নামগুলোকে পরিবর্তন করে মূর্তির নাম রাখা অথবা আল্লাহ নিজের জন্য যে নাম সাব্যস্ত করেননি, এমন নাম তাঁর ওপর আরোপ করা।ইবনে কাসির, তাফসিরুল কুরআনিল আজিম
অন্য ধর্মের দেব-দেবীর নামে ডাকা: ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের উপাস্য, দেবতা বা মূর্তির জন্য নির্দিষ্ট কোনো নামে আল্লাহকে ডাকা জায়েজ নয়। কারণ, এসব শব্দ অন্য ধর্মের বিশেষ বিশ্বাস ও শিরকের সঙ্গে জড়িত।
তবে বাংলা ভাষায় ‘সৃষ্টিকর্তা’, ‘প্রভু’, ‘মালিক’ বা ‘পরম করুণাময়’-এর মতো সাধারণ অর্থবোধক শব্দ ব্যবহার করা বৈধ, যেহেতু এগুলো আল্লাহর মূল গুণবাচক নামেরই অনুবাদ।
আল্লাহর নামের বিকৃতি ঘটানো: সুরা আরাফের ১৮০ নম্বর আয়াতে আল্লাহর নামে বিকৃতি (ইলহাদ) করতে নিষেধ করা হয়েছে।
ইবনে কাসির এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, ‘আল্লাহর নামের ক্ষেত্রে বিকৃতি হলো, আল্লাহর গুণবাচক নামগুলোকে পরিবর্তন করে মূর্তির নাম রাখা অথবা আল্লাহ নিজের জন্য যে নাম সাব্যস্ত করেননি, এমন নাম তাঁর ওপর আরোপ করা।’ (ইবনে কাসির, তাফসিরুল কুরআনিল আজিম, ৩/৫১৫, দারু তাইয়িবাহ, রিয়াদ, ১৯৯৯)
যেমন মুশরিকরা ‘আল্লাহ’ থেকে বিকৃত করে ‘লাত’ এবং ‘আজিজ’ থেকে বিকৃত করে ‘উজ্জা’ নাম রেখেছিল।
আল্লাহ–তাআলাকে শুধু সেসব নাম ও গুণাবলিতেই ডাকতে হবে, যেগুলো তিনি নিজের জন্য সাব্যস্ত করেছেন অথবা তাঁর রাসুল (সা.) তাঁর জন্য সাব্যস্ত করেছেন। এর বাইরে কোনো নাম যোগ করা বা কমানো বান্দার জন্য বৈধ নয়।’ (আলি ইবনে আলি ইবনে আবিল ইজ, শারহুল আকিদাহ আত-তাহাবিয়্যাহ, পৃষ্ঠা ৮৭, আল-মাকতাবুল ইসলামি, বৈরুত, ১৯৮৮)
সংক্ষেপে, আল্লাহকে ডাকার জন্য পবিত্র কোরআন ও সহিহ হাদিসে বর্ণিত ৯৯টি (বা তারও বেশি প্রমাণিত) ‘আসমাউল হুসনা’ই আমাদের জন্য যথেষ্ট।
বিপদে পড়লে ‘ইয়া রহমান’, ‘ইয়া রহিম’, ‘ইয়া গাফফার’, ‘ইয়া রাজ্জাক’ বা সরাসরি ‘আল্লাহ’ নামে ডাকাই হলো সবচেয়ে নিরাপদ, পবিত্র এবং দোয়া কবুল হওয়ার শ্রেষ্ঠ মাধ্যম।