ব্যক্তিগত ও পেশাগত সাফল্যের ভিড়ে আমরা প্রায়ই ভুলে যাই, প্রকৃত সাফল্যের শুরু হয় ঘর থেকে। যে মানুষটি তার পরিবারের কাছে সমাদৃত নয়, জগতের চোখে সে সফল হলেও দিনশেষে সে ব্যর্থ।
মহানবী (সা.) শিখিয়েছেন কীভাবে কর্মব্যস্ত জীবনের মাঝেও পরিবারকে সময় দিতে হয় এবং সমাজের প্রতি নিজের দায়িত্ব পালন করতে হয়। সাফল্যের এই যাত্রায় তাঁর জীবন থেকে ১০টি অনন্য সূত্র তুলে ধরা হলো:
১. পরিবারের কাছে শ্রেষ্ঠ হওয়া
বাইরের জগতের সাফল্যের চেয়ে ঘরের মানুষের কাছে গ্রহণযোগ্যতা অর্জনই হলো প্রকৃত চারিত্রিক শ্রেষ্ঠত্ব। নবীজি (সা.) তাঁর স্ত্রীদের সঙ্গে অত্যন্ত অমায়িক ব্যবহার করতেন।
রাসুল (সা.) বলেছেন, “তোমাদের মধ্যে সেই ব্যক্তিই শ্রেষ্ঠ, যে তার পরিবারের কাছে শ্রেষ্ঠ। আর আমি আমার পরিবারের কাছে তোমাদের চেয়েও বেশি শ্রেষ্ঠ।” (সুনানে তিরমিজি, হাদিস: ৩৮৯৫)
২. ঘরের কাজে সহযোগিতা
সাফল্য মানে শুধু বাইরে কর্তৃত্ব করা নয়, বরং ঘরের ছোট ছোট কাজে জীবনসঙ্গীকে সঙ্গ দেওয়া। নবীজি (সা.) ঘরের কাজে স্ত্রীদের সাহায্য করতেন।
আয়েশা (রা.)-কে জিজ্ঞেস করা হলো, নবীজি (সা.) ঘরে কী করতেন? তিনি বললেন, “তিনি ঘরের কাজকর্মে ব্যস্ত থাকতেন, আর যখন নামাজের সময় হতো তখন বেরিয়ে যেতেন।” (সহিহ বুখারি, হাদিস: ৬৭৬)
৩. শিশুদের প্রতি মমতা
ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক আদব ও মমতা দিয়ে গড়ে তোলা সফল সমাজের ভিত্তি। নবীজি (সা.) শিশুদের অত্যন্ত ভালোবাসতেন এবং তাদের সঙ্গে খেলতেন।
তিনি বলেছেন, “যে আমাদের ছোটদের স্নেহ করে না এবং বড়দের সম্মান করে না, সে আমাদের দলভুক্ত নয়।” (সুনানে তিরমিজি, হাদিস: ১৯১৯)
৪. প্রতিবেশীর অধিকার রক্ষা
সামাজিক সাফল্যের জন্য শুধু নিজের ভালো থাকাই যথেষ্ট নয়; বরং আশেপাশের মানুষ আপনার দ্বারা নিরাপদ কি না, তা নিশ্চিত করা জরুরি।
রাসুল (সা.) বলেছেন, “সেই ব্যক্তি মুমিন নয়, যে পেট পুরে খায় অথচ তার পাশের প্রতিবেশী ক্ষুধার্ত থাকে।” (আল-আদাবুল মুফরাদ, হাদিস: ১১২)
৫. মেহমানদারী ও আতিথেয়তা
উদারতা ব্যক্তিত্বকে বিশালতা দান করে। মেহমানকে সম্মান করা নবীজির অন্যতম আদর্শ ছিল। তিনি বলেছেন, “যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিবসের ওপর ইমান রাখে, সে যেন তার মেহমানকে সম্মান করে।” (সহিহ বুখারি, হাদিস: ৬১৩৫)
৬. পিতা-মাতার সেবা
সাফল্যের চাবিকাঠি লুকিয়ে আছে বাবা-মায়ের সন্তুষ্টির মধ্যে। নবীজি (সা.) তাঁদের অধিকারের বিষয়ে অত্যন্ত সজাগ ছিলেন।
এক ব্যক্তি রাসুল (সা.)-এর কাছে জিহাদে যাওয়ার অনুমতি চাইলে তিনি জিজ্ঞেস করলেন, “তোমার মা-বাবা কি জীবিত?” সে বলল, “হ্যাঁ।” তিনি বললেন, “তবে তাদের সেবায় জিহাদ (শ্রম ব্যয়) করো।” (সহিহ বুখারি, হাদিস: ৩০০৪)
৭. আত্মীয়তার বন্ধন রক্ষা
পারিবারিক ও সামাজিক নেটওয়ার্ক বা যোগাযোগ বজায় রাখা মানসিক প্রশান্তি ও রিজিকে বরকত আনে। রাসুল (সা.) বলেছেন, “যে ব্যক্তি তার রিজিক বৃদ্ধি এবং দীর্ঘায়ু কামনা করে, সে যেন আত্মীয়তার বন্ধন অটুট রাখে।” (সহিহ বুখারি, হাদিস: ৫৯৮৬)
৮. অসুস্থ মানুষের খোঁজ নেওয়া
সামাজিক দায়বদ্ধতার বড় অংশ হলো বিপদে মানুষের পাশে দাঁড়ানো। নবীজি (সা.) নিয়মিত অসুস্থদের দেখতে যেতেন। তিনি বলেছেন, “তোমরা ক্ষুধার্তকে অন্ন দাও, অসুস্থ ব্যক্তির সেবা করো এবং বন্দীকে মুক্তি দাও।” (সহিহ বুখারি, হাদিস: ৫৩৭৩)
৯. দয়া ও করুণার বিস্তার
সাফল্যের চূড়ায় উঠে কঠোর হওয়া নয়, বরং বিনয়ী ও দয়ালু হওয়া প্রকৃত বীরত্ব। রাসুল (সা.) বলেছেন, “যে মানুষের প্রতি দয়া করে না, আল্লাহও তার প্রতি দয়া করেন না।” (সহিহ মুসলিম, হাদিস: ২৩১৯)
১০. পরিবেশ ও প্রকৃতির যত্ন
শুধু মানুষের প্রতি নয়, বরং প্রকৃতি ও প্রাণিকুলের প্রতিও ব্যক্তির দায়বদ্ধতা থাকে। নবীজি (সা.) বৃক্ষরোপণ এবং পশুপাখির প্রতি সদয় হওয়ার নির্দেশ দিয়েছেন।
তিনি বলেছেন, “যদি নিশ্চিত জানো যে কেয়ামত এসে গেছে, আর তোমার হাতে একটি গাছের চারা থাকে, তবে সেটি রোপণ করে দাও।” (আল-আদাবুল মুফরাদ, হাদিস: ৪৭৯)
শেষ কথা
রাসুল (সা.)-এর এই ১০টি সূত্র আমাদের শেখায় যে, প্রকৃত সাফল্য শুধু ব্যক্তিগত উন্নতিতে নয়, বরং সুন্দর পরিবার ও কল্যাণমুখী সমাজ গঠনে নিহিত। ঘর এবং বাহির—উভয় জায়গাই যখন শান্তিময় হবে, তখনই জীবন সার্থক হবে।