সিরাত

যে ৬ বিশেষ কারণে মুহাম্মদ (সা.) অন্য নবীদের চেয়ে আলাদা

ইসলামের একটি গুরুত্বপূর্ণ নীতি হলো, নবীদের মধ্যে ব্যক্তিগত পছন্দের বশে তুলনা না করা। এমনকি এক মুসলিম ও এক ইহুদির মধ্যে নিজ নিজ নবীর শ্রেষ্ঠত্ব নিয়ে বিতণ্ডা হলে রাসুল (সা.) নিজেই এতে অসন্তোষ প্রকাশ করেছিলেন এবং বলেছিলেন, তাঁকে নবী মুসার চেয়ে শ্রেষ্ঠ বলা উচিত নয়। (সহিহ বুখারি, হাদিস: ২৪১১)

অর্থাৎ, নবীদের নিয়ে প্রতিযোগিতামূলক তুলনা ইসলামের শিক্ষা নয়।

তবে এর অর্থ এই নয় যে নবীজির ব্যাপারে কোরআন-হাদিসে বর্ণিত বিশেষ মর্যাদাগুলো অস্বীকার করতে হবে। বরং তিনি নিজেই কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্যের কথা জানিয়ে গেছেন, যা ব্যক্তিগত মূল্যায়ন নয়—সরাসরি ওহির ভাষ্য।

৬ বিশেষ বৈশিষ্ট্য

মহানবী (সা.) বলেছেন, “আমাকে অন্য নবীদের ওপর ছয়টি বিষয়ে বৈশিষ্ট্য দেওয়া হয়েছে: আমাকে দেওয়া হয়েছে জাওয়ামিউল কালাম (সংক্ষিপ্ত কিন্তু ব্যাপক অর্থবোধক বক্তব্যের ক্ষমতা), এক মাসের দূরত্বের শত্রুর মনে ভীতি সঞ্চারের মাধ্যমে আমাকে সাহায্য করা হয়েছে, আমার জন্য গনিমত (যুদ্ধলব্ধ সম্পদ) হালাল করা হয়েছে, পুরো পৃথিবীকে আমার জন্য পবিত্র ও নামাজের স্থান করা হয়েছে, আমাকে সমগ্র সৃষ্টিজগতের জন্য রাসুল হিসেবে পাঠানো হয়েছে এবং আমার মাধ্যমে নবুয়তের ধারাবাহিকতা সমাপ্ত করা হয়েছে।” (সহিহ মুসলিম, হাদিস: ৫২৩)।

১. জাওয়ামিউল কালাম

নবীজিকে এমন ভাষার সামর্থ্য দেওয়া হয়েছিল যা অল্প কথায় বিশাল অর্থ ধারণ করতে পারত। ইমাম বুখারি এর ব্যাখ্যায় বলেছেন, পূর্ববর্তী আসমানি গ্রন্থগুলোতে যেসব বিষয় বহু পৃষ্ঠা জুড়ে বর্ণিত হতো, আল্লাহ তা নবীজির ক্ষেত্রে এক-দুই বাক্যেই প্রকাশ করার সামর্থ্য দিয়েছেন।

এই বৈশিষ্ট্যের কারণেই তাঁর হাদিসগুলো অত্যন্ত সংক্ষিপ্ত হয়েও গভীর ফিকহি ও নৈতিক শিক্ষায় পরিপূর্ণ।

২. শত্রুর মনে ভীতির সঞ্চার

মহানবী (সা.) বলেছেন, তাঁকে এমনভাবে সাহায্য করা হয়েছে যে তাঁর শত্রুরা এক মাসের পথ-দূরত্ব থেকেই ভীত-সন্ত্রস্ত হয়ে পড়ত। (সহিহ মুসলিম, হাদিস: ৫২৩)

এটি ছিল যুদ্ধক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে একধরনের অলৌকিক সহায়তা, যা দিয়ে মুসলিম বাহিনী সংখ্যায় কম হয়েও মনস্তাত্ত্বিকভাবে প্রতিপক্ষের ওপর প্রভাব বিস্তার করতে পারত।

৩. যুদ্ধলব্ধ সম্পদ হালাল করা

পূর্ববর্তী উম্মতদের জন্য যুদ্ধলব্ধ সম্পদ ভোগ করা বৈধ ছিল না—তাদের নিয়ম ছিল তা পুড়িয়ে ফেলা। নবীজির উম্মতের জন্য এই সম্পদ হালাল করে দেওয়া হয়, যা তাঁর শরিয়তের একটি স্বতন্ত্র বিধান হিসেবে হাদিসে উল্লেখ আছে।

৪. পৃথিবীকে নামাজের স্থান করা

পূর্ববর্তী নবীদের অনুসারীরা কেবল নির্দিষ্ট উপাসনালয়ে (যেমন সিনাগগ বা গির্জা) নামাজ পড়তে পারতেন। নবীজির উম্মতের জন্য সমগ্র পৃথিবীকেই নামাজের স্থান ও পবিত্রতার (তায়াম্মুমযোগ্য) মাধ্যম করে দেওয়া হয়েছে।

ফলে যেকোনো স্থানে, যেকোনো সময় নামাজ আদায় করা সম্ভব হয়েছে। এটি ইসলামের সর্বজনীনতা ও সহজতার একটি বড় দৃষ্টান্ত।

৫. সমগ্র সৃষ্টিজগতের রাসুল

পূর্ববর্তী নবীরা নির্দিষ্ট জাতি বা অঞ্চলের জন্য প্রেরিত হয়েছিলেন। মহানবী (সা.)-কে পাঠানো হয়েছে সমগ্র মানবজাতি ও সৃষ্টিজগতের জন্য।

সাহাবি জাবিরের অনুরূপ বর্ণনায় ‘লাল-কালো সব মানুষের জন্য প্রেরিত’ শব্দে উল্লেখ আছে (সহিহ মুসলিম, হাদিস: ৫২১)।

এই সার্বজনীনতার কারণে ইসলামের দাওয়াত কোনো নির্দিষ্ট গোষ্ঠীতে সীমাবদ্ধ নয়, বরং তা সব যুগ ও অঞ্চলের মানুষের জন্য প্রযোজ্য।

৬. নবুয়তের সমাপ্তি

এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সর্বজনীন নবুয়তের সমাপ্তি। তাঁর পরে আর কোনো নবী আসবেন না। তিনি হলেন আল্লাহর প্রেরিত সর্বশেষ নবী।

কোরআনেও এই বিষয়টি স্পষ্টভাবে বর্ণিত হয়েছে যে তিনি ‘খাতামুন্নাবিয়্যিন’। (সুরা আহজাব, আয়াত: ৪০)

এই বৈশিষ্ট্যটিই তাঁর নবুয়তের সবচেয়ে দৃঢ় ও প্রশ্নাতীত স্বাতন্ত্র্য, কেননা এখানে কোনো ব্যাখ্যার অবকাশ নেই। তিনিই নবুয়তের ধারার চূড়ান্ত ও সমাপ্তিসূচক ব্যক্তিত্ব।