
ডিজিটাল পরিসরে তরুণদের মতামত বিষয়ে যৌথভাবে এ বৈঠকের আয়োজন করে ওয়েভ ফাউন্ডেশন ও ডিডব্লিউ একাডেমি।
প্রযুক্তির ব্যবহার বাড়লেও নাগরিক সেবার সমস্যা জানাতে গিয়ে নানা বাধার মুখে পড়ছেন তরুণেরা। নাগরিক সেবাসংক্রান্ত বিভিন্ন বিষয়ে অনলাইনে অভিযোগ করে প্রতিকার পাওয়া যায় না। জানা যায় না অভিযোগের অগ্রগতিও। সামাজিক যোগাযোগমাধ্যমে সমস্যা তুলে ধরলেও অনেকে হয়রানির শিকার হচ্ছেন।
তাই তরুণদের জন্য নিরাপদ ও কার্যকর ডিজিটাল মাধ্যম গড়ে তোলা গেলে নাগরিকদের মতামত ও অভিযোগ সরাসরি স্থানীয় সরকারের কাছে পৌঁছাবে। এতে নাগরিক সেবায় তরুণদের অংশগ্রহণ বাড়বে। পাশাপাশি স্থানীয় সরকারও আরও গতিশীল ও জবাবদিহিমূলক হবে।
সাইবার আইনের অপপ্রয়োগ ও হয়রানির ভয়ে তরুণেরা মতপ্রকাশে পিছিয়ে রয়েছেন। নগর-পরিকল্পনায়ও সাধারণ মানুষের মতামত উপেক্ষিত হচ্ছে। তাই পরিকল্পনা প্রণয়নে তরুণ ও নগরবাসীকে সম্পৃক্ত করা জরুরি।আদিল মুহাম্মদ খান, নির্বাহী পরিচালক, আইপিডি
গতকাল বুধবার ঢাকার একটি হোটেলে ওয়েভ ফাউন্ডেশনের ‘লাউড অ্যান্ড ক্লিয়ার: এমপাওয়ারিং ইয়ুথ ভয়েসেস ২.০’ প্রকল্পের আয়োজনে ‘ডিজিটাল পরিসরে তরুণদের মতামত: সিটি করপোরেশনের নাগরিক সেবার বর্তমান প্রেক্ষিত ও প্রত্যাশা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে বক্তারা এ কথা বলেন। ওয়েভ ফাউন্ডেশন ও ডিডব্লিউ একাডেমি যৌথভাবে এ বৈঠকের আয়োজন করেছে। প্রচার সহযোগী ছিল প্রথম আলো।
গোলটেবিল বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ওয়েভ ফাউন্ডেশনের জুলিয়েট রোজেটি ও সাজ্জাদুল করিম। তাঁদের উপস্থাপিত গবেষণার তথ্য অনুযায়ী, শহরের ৮০ শতাংশ তরুণের হাতে স্মার্টফোন ও ইন্টারনেট সংযোগ থাকলেও ৪২ শতাংশ তরুণ-তরুণী অনলাইনে মতপ্রকাশের ক্ষেত্রে ভয় বা আত্মনিয়ন্ত্রণের মধ্যে থাকেন। নারীদের ক্ষেত্রে অনলাইন হয়রানির কারণে ৪০ শতাংশ তরুণী মতপ্রকাশ থেকে সরে আসেন।
প্রবন্ধে বলা হয়, দেশের বিভিন্ন সিটি করপোরেশন এলাকায় অপরিকল্পিত সড়ক খনন ও নির্মাণকাজ, জলাবদ্ধতা, ডেঙ্গু নিয়ন্ত্রণে দুর্বলতা ও ফুটপাত দখলের মতো সমস্যা রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব সমস্যা তুলে ধরে অভিযোগ জানানো অনেক ক্ষেত্রেই ঝুঁকিপূর্ণ। তাই সেবা সংস্থাগুলোর মধ্যে সমন্বিত, নিরাপদ, গোপনীয়তা-সুরক্ষিত ও সহজে ব্যবহারযোগ্য ডিজিটাল অভিযোগ প্ল্যাটফর্ম গড়ে তোলা জরুরি।
গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, অনলাইনে অপতথ্য ও ভুল তথ্য ছড়ানো বৈশ্বিক চ্যালেঞ্জ। ২০২৫ সালে ইউরোপের এক জরিপে টিকটকে ৩৪ শতাংশ, এক্সে ৩২ শতাংশ এবং ফেসবুকে ২৭ শতাংশ ক্ষেত্রে অপতথ্য ছড়ানোর তথ্য পাওয়া গেছে। বাংলাদেশেও প্রায় ৬০ শতাংশ মানুষ ভুল তথ্যে বিভ্রান্ত হন। এআইয়ের ব্যবহার বাড়লে এ সমস্যা আরও জটিল হবে বলেও মন্তব্য করেন তিনি।
ডিজিটাল নাগরিক সেবা সহজ করতে সব সরকারি সেবাকে সমন্বিত ডিজিটাল পরিচয়ের আওতায় আনা এবং সরকারি ওয়েবসাইট ও পোর্টাল ব্যবহারবান্ধব করার ওপর গুরুত্ব দেন তিনি। তবে অভিযোগ ও মতামত গ্রহণের পাশাপাশি সেগুলোর ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার কার্যকর পদ্ধতি থাকতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করেও নাগরিকদের সঙ্গে যোগাযোগ ও জবাবদিহি বাড়ানো সম্ভব বলে মনে করেন তিনি।
দেশের করব্যবস্থার দুর্বলতা তুলে ধরে উপদেষ্টা বলেন, প্রায় ১৮ কোটি মানুষের দেশে কর দেন প্রায় ৫০ লাখ। নাগরিক সেবার মান বাড়াতে কর দেওয়ার সংস্কৃতি ও সরকারি জবাবদিহি বাড়াতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
ডিডব্লিউ একাডেমির মিডিয়া উন্নয়ন পরিচালক নাতাশা ক্রিস্টিন শোয়াঙ্কে বলেন, শাস্তির ভয় ও আত্মনিয়ন্ত্রণে তরুণেরা আলোচনায় অংশ নিতে পিছিয়ে যান। তাই তাঁদের শুধু মতামত ও অভিযোগ জানানোর সুযোগ নয়, নীতিনির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণে সক্রিয়ভাবে যুক্ত করতে হবে। ভিন্নমতকে শ্রদ্ধা ও মনোযোগ দিয়ে শোনার পরিবেশও জরুরি।
আইপিডির নির্বাহী পরিচালক ও নগর-পরিকল্পনাবিদ অধ্যাপক আদিল মুহাম্মদ খান বলেন, সাইবার আইনের অপপ্রয়োগ ও হয়রানির ভয়ে তরুণেরা মতপ্রকাশে পিছিয়ে রয়েছেন। নগর-পরিকল্পনায়ও সাধারণ মানুষের মতামত উপেক্ষিত হচ্ছে। তাই পরিকল্পনা প্রণয়নে তরুণ ও নগরবাসীকে সম্পৃক্ত করা জরুরি।
উন্নয়নকর্মী টনি মাইকেল গোমেজ বলেন, নাগরিক সেবার মান বাড়াতে সিটি করপোরেশনের আয়-ব্যয় ও সক্ষমতা সম্পর্কে তরুণদের ধারণা থাকা জরুরি। শুধু ডিজিটাল পোর্টাল নয়, কার্যকর অভিযোগ ব্যবস্থাপনা, অনলাইন-অফলাইন সেবার সমন্বয় ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। তরুণদেরও সমস্যা তুলে ধরার পাশাপাশি সমাধানে সক্রিয় ভূমিকা রাখতে হবে।
যা বললেন তরুণেরা
নগর পরিচালনায় তরুণদের সম্পৃক্ত করা, নাগরিক অভিযোগের দ্রুত প্রতিকার এবং ডিজিটাল মাধ্যমে তাঁদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তরুণ অংশগ্রহণকারীরা। সেরাক বাংলাদেশের প্রকল্প ব্যবস্থাপক লুৎফা পাঠান বলেন, সিটি করপোরেশনের পরিকল্পনা ও সেবা কার্যক্রমে তরুণদের যুক্ত করতে ওয়ার্ডভিত্তিক আরবান ইয়ুথ কাউন্সিল গঠন এবং তাঁদের প্রশিক্ষণ ও অংশগ্রহণের সুযোগ তৈরি করা প্রয়োজন।
তরুণ প্রতিনিধি মুবাশশিরা কামাল বলেন, অনলাইন হয়রানি ও সাইবার বুলিং থেকে তরুণদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। সিটি করপোরেশনের তত্ত্বাবধানে পরিচয় গোপন রেখে নাগরিক অভিযোগ জানানোর নির্দিষ্ট ডিজিটাল প্ল্যাটফর্ম চালুর উদ্যোগ নেওয়া প্রয়োজন বলেও মনে করেন তিনি।
এ ছাড়া তরুণদের বক্তব্যে নাগরিক সেবার ভোগান্তি ও ডিজিটাল মাধ্যমে মতপ্রকাশের নিরাপত্তাহীনতার বিষয়গুলো উঠে আসে। এ সময় নিজেদের মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন আরিনা জাহান, ইফরিম সিদ্দিক, হাসনা হেনা, জিতেন বৈষ্ণব, তাসিন সিদ্দিকা, মোহাম্মদ লাদেন, হালিমাতুস সাদিয়া ও মঈনুল ইসলাম।
তাঁরা উন্নয়নকাজের তথ্য আগাম প্রকাশ, নিরাপদ ও গোপনীয় ডিজিটাল অভিযোগ প্ল্যাটফর্ম এবং ওয়ার্ডভিত্তিক মতবিনিময়ের ব্যবস্থার দাবি জানান। তরুণদের দক্ষতা উন্নয়ন কার্যক্রমের তথ্য সহজলভ্য করা, নগর-পরিকল্পনায় তাঁদের মতামত নেওয়া এবং নির্ভয়ে মতপ্রকাশের পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দেন শিক্ষার্থীরা। পাশাপাশি সাইবার বুলিং ও নারীদের হয়রানি প্রতিরোধে বিশেষ সেল এবং সহায়তা কেন্দ্র গঠনের প্রস্তাবও দেওয়া হয়।
সভাপতির বক্তব্যে ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহসিন আলী বলেন, নাগরিক সেবার মান বাড়াতে তরুণদের স্থানীয় পর্যায়ে সংগঠিত হওয়ার পাশাপাশি নীতিনির্ধারণী পর্যায়েও দাবি তুলতে হবে। এ ছাড়া সিটি করপোরেশনের আইনি কাঠামো ও বাস্তব চর্চায় প্রয়োজনীয় পরিবর্তন আনতে হবে।
প্রথম আলোর সহকারী সম্পাদক ফিরোজ চৌধুরীর সঞ্চালনায় গোলটেবিল বৈঠকে শুভেচ্ছা বক্তব্য দেন ওয়েব ফাউন্ডেশনের উপনির্বাহী পরিচালক নাসিফা আলী। অন্যান্যের মধ্যে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের (নিমকো) পরিচালক মোসাম্মৎ রহিমা আক্তার, একাত্তর টেলিভিশনের বিশেষ সংবাদদাতা শাহনাজ শারমীন, এটুআইয়ের হেড অব প্রোগ্রাম ম্যানেজার সামস-উল আরেফিন, ডাসকোর কর্মসূচি পরিচালক জাহাঙ্গীর আলমসহ রাজশাহীর স্থানীয় সাংবাদিকদের মধ্যে আমজাদ হোসেন, মো. আসাদুজ্জামান, পিন্টু আলী, ইউনুস আহমেদ প্রমুখ বক্তব্য দেন।