গোলটেবিল বৈঠক

স্কুলমাঠের যৌথ ব্যবহার বাড়ানোর তাগিদ

শিশুবান্ধব নগর গড়তে শিশুদের প্রয়োজন বুঝে এগোনোর আহ্বান।

গোলটেবিল বৈঠকে বক্তব্য দিচ্ছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। পাশে নারায়ণগঞ্জ সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভী। গতকাল রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে
ছবি: প্রথম আলো

ঢাকা শহরে প্রয়োজনের তুলনায় শিশুদের খেলার মাঠ, পার্ক অনেক কম। নতুন করে জায়গা পাওয়ার সম্ভাবনাও কম। তাই শিক্ষাপ্রতিষ্ঠানের যেসব মাঠ পড়ে থাকে, সেগুলো শিশুদের জন্য ব্যবহারে ছেড়ে দিতে হবে। এ ছাড়া খেলার মাঠ, পার্ক যতটুকু আছে, তার বহুমাত্রিক ব্যবহার বাড়াতে হবে। শিশুবান্ধব নগর গড়তে শিশুদের প্রয়োজন বুঝে এগোতে হবে।

গতকাল সোমবার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে ‘শিশুবান্ধব নগরের রূপরেখা প্রণয়ন ও বাস্তবায়নে কর্মকৌশল নির্ধারণ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এসব কথা উঠে আসে। গোলটেবিলটির আয়োজন করে ন্যাশনাল অ্যালায়েন্স অন সিটিজ ফর চিলড্রেন ও প্রথম আলো। সহযোগিতায় ছিল সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশ।

আলোচকদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম জানান, মাঠের ব্যবহার চেয়ে তিনি বিভিন্ন সংস্থা, শিক্ষাপ্রতিষ্ঠানে ২০টির মতো চিঠি লিখেছেন। এসব প্রতিষ্ঠানের মাঠ বেলা দুইটার পর বন্ধ হয়ে যাচ্ছে। সেটা কিন্তু সবার খেলার জন্য উন্মুক্ত করে দেওয়া যায়। প্রয়োজনে সিটি করপোরেশন পরিষ্কার করে দেবে।

জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের প্রতি প্রশ্ন রেখে আতিকুল ইসলাম বলেন, তারা কি শুধুই প্লট দেবে, নাকি শিশুদের সুস্থ বিকাশের জন্যও ব্যবস্থা রাখবে?

দেশের বাইরে শিশুর পড়াশোনা, খেলাধুলা, মানসিক বিকাশের সবকিছুই স্কুলকেন্দ্রিক উল্লেখ করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেন, স্কুলগুলোর মাঠ ছোট করে ফেলা হচ্ছে। সব স্থানীয় সরকারের ওপর চাপিয়ে না দিয়ে স্কুল ও শিক্ষাব্যবস্থার প্রতি জোর দিতে হবে। কারণ, স্কুলটাই বিকাশের মূল জায়গা।

আইভী আরও বলেন, রাজউক, স্থানীয় সরকারসহ সরকারের নানা সংস্থা নানা কাজ করে। কারও সঙ্গে কারও কোনো সমন্বয় নেই। যে যার মতো কাজ করে যায়। বাজেটও সিটি করপোরেশনে কম থাকে।

শিশু প্রতিনিধি ঐশী কবিরাজ বলে, যেসব মাঠ বা পার্ক হয়, সেগুলো ছেলেশিশুদের মাথায় রেখেই হয়। শিশুদের সমস্যা নিয়ে বড়রা খুব একটা ভাবে না। শিশুরা তা সঠিক জায়গায় বলতেও পারছে না। শিশুদের বিষয়ে বড়দের সচেতন হওয়ার আহ্বান জানায় ঐশী।

সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশের প্রোগ্রাম ডেভেলপমেন্ট অ্যান্ড কোয়ালিটি ডিরেক্টর রিফাত বিন সাত্তার বলেন, উন্নয়ন ও নগরায়ণের সঙ্গে চ্যালেঞ্জও বাড়বে। এই চ্যালেঞ্জ নিজ নিজ ক্ষেত্রে কীভাবে গুরুত্ব পাবে, তা ভাবতে হবে। শিশুর বিকাশ শুধু ভৌত অবকাঠামোর মধ্যেই সীমাবদ্ধ নয়। তাদের মানসিক বিকাশের জায়গাতেও গুরুত্ব দিতে হবে। বিভিন্ন বয়সী শিশুদের বিভিন্ন রকম চাহিদা থাকে। সেই চাহিদা অনুযায়ী তাদের প্রয়োজন মেটানোর কথা বলেন তিনি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক আকতার মাহমুদ এমন এক নিরাপদ নগরীর কথা বলেন, যেখানে ফুটপাত ধরে ছোট দুই ভাইবোন হেঁটে স্কুলে যেতে পারবে। স্কুলে গিয়ে তারা খেলার সুযোগ পাবে। শারীরিক ও মানসিক বিকাশের সুযোগ পাবে।

ওয়ার্ড কাউন্সিলররা প্রত্যাশিতভাবে সক্রিয় থাকে না উল্লেখ করে এই অধ্যাপক বলেন, সবকিছু মেয়র অফিসকেন্দ্রিক হয়ে থাকে। কাউন্সিলররা নিজ নিজ ওয়ার্ডে উদ্যোগ নিলে মেয়রের দিকে তাকিয়ে থাকতে হয় না। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে গেলে অন্তর্ভুক্তিমূলক নিরাপদ শহর গড়ে তুলতে হবে। নিরাপদ জনপরিসর বাড়াতে হবে। উন্নয়নের কেন্দ্রবিন্দু হওয়া উচিত পাড়া–মহল্লা। এখানে শহর তৈরি হয়েছে সক্ষম ও অর্থনৈতিকভাবে শক্তিশালী মানুষের জন্য। অন্তর্ভুক্তিমূলক শহর তৈরি না করলে শিশুবান্ধব নগর হবে না।

বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সহসভাপতি ইকবাল হাবিব বলেন, শুধু মাঠ ও পার্কের কথা ভাবলেই হবে না। সময়ভিত্তিক, যৌথ ব্যবহার, বহুমাত্রিক ব্যবহারের কথা ভাবতে হবে। একটি শহরে অনেক উন্মুক্ত স্থান, খাসজমি পড়ে থাকে। সেগুলো কাজে লাগাতে হবে। অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ পড়ে থাকে। এগুলো যৌথ ব্যবহারের উদ্যোগ নিতে হবে।

গোলটেবিলে নগরের দরিদ্র শিশুদের কথাও মাথায় রেখে নগর–পরিকল্পনা করার আহ্বান জানানো হয়। এ ছাড়া বলা হয়, এ ধরনের আলোচনায় সরকারের ট্রাফিক বিভাগ, স্কুলশিক্ষকদের যুক্ত করা প্রয়োজন। পাশাপাশি বলা হয়, স্কুলে যেন শিশুরা বেশি সময় থাকতে পারে, তেমন শিক্ষাপদ্ধতি দরকার। তাহলে সামাজিকতা বাড়ে। সামাজিকতা না বাড়লে প্রযুক্তির ওপর নির্ভরশীলতা বাড়বে এবং কোনো মানসিক বিকাশ হবে না।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পরিকল্পনাবিদ মো. আশরাফুল ইসলাম রাজউকের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি বলেন, রাজউক এখন নিজেদের পরিকল্পনায় শিশুদের অন্তর্ভুক্ত করেছে। বৈশ্বিক মানদণ্ড থেকে ঢাকা অনেক পিছিয়ে। কিন্তু এর মধ্যেও যতটুকু আছে, সেটা নিয়ে রাজউক চিন্তা করছে। তিনি বেসরকারি খাতকেও এগিয়ে আসার আহ্বান জানান।

ব্র্যাকের কর্মসূচিপ্রধান (অ্যাডভোকেসি) এস এম মনজুর রশিদ বলেন, শিশুদের নিয়ে পরিকল্পনায় শিশুদের মতামত ও অংশগ্রহণ জরুরি।

কন্যাশিশু ও নারীদের চলাচলের জন্য শহর নিরাপদ নয়। তারা ভয়ের মধ্যে বড় হচ্ছে। কন্যাশিশুদের কথা ভেবে কর্মপরিকল্পনা করা উচিত বলে জানান প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের পলিসি অ্যাডভোকেসি, ইনফ্লুয়েন্সিং অ্যান্ড ক্যাম্পেইনের ডিরেক্টর নিশাত সুলতানা।

বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সাধারণ সম্পাদক শেখ মুহম্মদ মেহেদী আহসান বলেন, শিশুদের জন্য প্রতিটি জায়গা নিরাপদ করতে হবে।

সঠিক স্যানিটেশনের ব্যবস্থা অনেকে শিক্ষাপ্রতিষ্ঠানসহ বাসাবাড়িতেও নেই বলে জানান ইউনিসেফ বাংলাদেশের ওয়াশ স্পেশালিস্ট শফিকুল আলম। তিনি বলেন, স্যানিটেশন সুবিধা ঠিকমতো না পেলে শিশুদের উচ্চতা বাড়ে না।

প্রথম আলোর সহকারী সম্পাদক ফিরোজ চৌধুরীর সঞ্চালনায় গোলটেবিল বৈঠকে শুভেচ্ছা বক্তব্য দেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আরবান প্ল্যানার মো. মইনুল ইসলাম, কোয়ালিশন ফর আরবান পুওরের নির্বাহী পরিচালক খন্দকার রেবেকা সান–ইয়াত এবং গ্রিন সেভার্সের প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান রনি।