গোলটেবিল বৈঠকে (বাঁ থেকে) মোফাজ্জল হোসেন, মামুনুর রহমান রিপন, আবু বক্কর সিদ্দিক, নূরে আলম সিদ্দিকী ও জয়নাল আবেদিন মুকুল। গতকাল নওগাঁর উন্নয়ন সংস্থা মৌসুমীতে
গোলটেবিল বৈঠকে (বাঁ থেকে) মোফাজ্জল হোসেন, মামুনুর রহমান রিপন, আবু বক্কর সিদ্দিক, নূরে আলম সিদ্দিকী ও জয়নাল আবেদিন মুকুল। গতকাল নওগাঁর উন্নয়ন সংস্থা মৌসুমীতে

গোলটেবিল বৈঠক

নওগাঁয় কৃষি অর্থনৈতিক অঞ্চল জরুরি

ইইউর সহযোগিতায় একশনএইডের সুশীল প্রকল্প ও প্রথম আলোর উদ্যোগে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

কৃষিপ্রধান জেলা নওগাঁ। ধান, আম, আলুসহ বিভিন্ন কৃষিপণ্য উৎপাদনে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা এটি। কৃষির সম্ভাবনাকে কাজে লাগিয়ে কর্মসংস্থান সৃষ্টি, কৃষকের আয় বৃদ্ধি এবং জেলার সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে নওগাঁয় একটি কৃষিভিত্তিক অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার জন্য জাতীয় বাজেটে বরাদ্দের প্রত্যাশার কথা উঠে এসেছে।

বেসরকারি উন্নয়ন সংস্থা ‘মৌসুমী’র সম্মেলনকক্ষে গতকাল সোমবার ‘জাতীয় বাজেটে নাগরিক সমাজের প্রত্যাশা অন্তর্ভুক্তিকরণ: পরিপ্রেক্ষিত নওগাঁ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এ কথা বলেন বক্তারা। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সহযোগিতায় একশনএইডের সুশীল প্রকল্প ও প্রথম আলোর উদ্যোগে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে সূচনা বক্তব্য দেন একশনএইড বাংলাদেশ সুশীল প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মৌসুমী বিশ্বাস। মূল প্রবন্ধ উপস্থাপন করেন চ্যানেল আইয়ের প্রধান বার্তা সম্পাদক ও ‘সমষ্টি’র নির্বাহী পরিচালক মীর মাসরুর জামান। এতে স্থানীয় মানুষ জেলার উন্নয়নের জন্য কী প্রত্যাশা করেন, তা তুলে ধরা হয়।

সংলাপে কৃষিভিত্তিক অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার পাশাপাশি নওগাঁর উঁচু অঞ্চলে মরুকরণ ঠেকাতে এবং সুপেয় পানির সংকট নিরসনে বাজেটে বিশেষ বরাদ্দ রাখার দাবি জানান বক্তারা। একই সঙ্গে শিক্ষা, চিকিৎসা ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং পর্যটনের সম্ভাবনা কাজে লাগাতে জাতীয় বাজেটে বরাদ্দ বাড়ানোর কথা বলেন তাঁরা।

কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে তোলার তাগিদ

নওগাঁ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক বলেন, নওগাঁ ধান ও আম উৎপাদনে প্রসিদ্ধ। পাশাপাশি এখানে আলু, শর্ষেসহ অন্যান্য কৃষিপণ্য ব্যাপক পরিমাণে উৎপাদিত হয়ে থাকে। কৃষিপণ্য সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের ব্যবস্থা না থাকায় কৃষকেরা পণ্যের সঠিক দাম পায় না। অনেক কৃষিপণ্য নষ্ট হয়ে যায়। এতে কৃষকেরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েন। এই সংকট নিরসনের জন্য সবচেয়ে ভালো উদ্যোগ হতে পারে কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পকারখানা গড়ে তোলা। এটা করতে পারলে এই অঞ্চলের কৃষকেরা আরও লাভবান হতে পারবেন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন বলেন, ৩০ লাখ মানুষের জেলা নওগাঁয় মানুষের কর্মসংস্থান হয়—এমন কারখানা গড়ে তোলার জন্য বাজেটে বিশেষ বরাদ্দ থাকা দরকার।

জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার সেক্রেটারি আ স ম সায়েম বলেন, ন্যায্যমূল্য না পেয়ে কৃষকেরা কৃষিবিমুখ হয়ে পড়েছেন। তাঁরা বেশি আয়ের জন্য শহরে এসে রিকশা, ভ্যান চালাচ্ছেন। এ কারণে শহরগুলোতে চাপ বাড়ছে।

বাসদের নওগাঁ জেলা শাখার আহ্বায়ক জয়নাল আবেদিন মুকুল বলেন, নওগাঁয় প্রতিবছর উৎপাদিত আমের প্রায় এক-চতুর্থাংশ ঝরে নষ্ট হয়। কাঁচা আম প্রক্রিয়াজাতকরণে জেলি, আচারসহ খাদ্যপণ্য তৈরির কারখানা স্থাপন করা গেলে এই অপচয় রোধ সম্ভব। পাশাপাশি ধানের কুঁড়া থেকে রাইস ব্র্যান অয়েল উৎপাদনের কারখানা স্থাপনেও বাজেটে বরাদ্দ রাখার প্রস্তাব দেন তিনি।

সংস্কৃতিকর্মী মনোয়ার হোসেন লিটন বলেন, সারা বিশ্বে ড্রাই ফুডের ব্যাপক চাহিদা রয়েছে। প্রয়োজনীয় শিল্পকারখানা গড়ে তোলার মাধ্যমে নওগাঁর আম বা বাণিজ্যিক উৎপাদিত অন্যান্য ফল থেকে ড্রাই ফুড কিংবা ফলের বিভিন্ন উপজাত তৈরি করে রপ্তানি করলে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব।

তরুণ উদ্যোক্তা আহসান হাবীব বলেন, পর্যাপ্ত হিমাগার না থাকায় কৃষকেরা ভরা মৌসুমে কম দামে ফল বিক্রি করতে বাধ্য হন। সংরক্ষণাগার থাকলে কৃষকেরা আর্থিকভাবে লাভবান হতে পারতেন।

পানিসংকট নিরসনে উদ্যোগ দরকার

বরেন্দ্র উন্নয়ন সংস্থার (বিডিও) নির্বাহী পরিচালক আখতার হোসেন বলেন, বরেন্দ্র অঞ্চলের এ জেলায় ভূগর্ভস্থ পানি ক্রমাগত নিচে নেমে যাচ্ছে। শুষ্ক মৌসুমে নওগাঁর নিয়ামতপুর, পোরশা ও সাপাহার উপজেলার অনেক এলাকায় সুপেয় পানির সংকট দেখা দেয়। অন্যদিকে কৃষিকাজে সেচের পানির চাহিদা মেটাতেও চাপ বাড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় পানি সংরক্ষণ, ভূ-উপরিস্থ পানির ব্যবহার বৃদ্ধি, খাল ও জলাশয় পুনঃখনন এবং বৃষ্টি ধরে রাখার কার্যকর উদ্যোগ নিতে হবে।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) নওগাঁ জেলা শাখার সভাপতি মোফাজ্জল হোসেন বলেন, জাতীয় বাজেটে নওগাঁর পানি সমস্যা নিয়ে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা থাকা দরকার।

পর্যটন খাতে বিশেষ বরাদ্দ দরকার

নওগাঁর তেতুলিয়া বিএমসি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান বলেন, প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক স্থাপনা ও প্রাকৃতিক সৌন্দর্য থাকা সত্ত্বেও প্রয়োজনীয় বিনিয়োগের অভাবে নওগাঁর পর্যটন খাত এগোতে পারছে না। এ খাতে উন্নয়নে সরকারের বিশেষ বরাদ্দ এবং বেসরকারি বিনিয়োগ বাড়ানো যেতে পারে।

নওগাঁ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজাদ হোসেন মুরাদ বলেন, নওগাঁর ঐতিহাসিক স্থান ও প্রত্নতাত্ত্বিক সম্পদ শুধু জেলার গর্ব নয়, এগুলো দেশের সম্পদ। যথাযথ পরিকল্পনা গ্রহণের মাধ্যমে এসব সম্পদ অর্থনৈতিক সম্ভাবনায় রূপান্তর করা সম্ভব।

নওগাঁ সরকারি কলেজের সহকারী অধ্যাপক তারিকুল ইসলাম বলেন, নওগাঁর পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে একটি সমন্বিত মহাপরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন। পর্যটনকেন্দ্রগুলোর ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে দেশব্যাপী প্রচার বাড়াতে হবে।

আরও আলোচনা

নওগাঁ সদর উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিকী বলেন, গত বছর নওগাঁ থেকে মাত্র ৬ হাজার ৫০০ জন মানুষ বিদেশে গিয়েছে। যেটা অন্য জেলার তুলনায় অনেক কম। জনসংখ্যার অনুপাতে এই সংখ্যা ১৮ বা ২০ হাজার হওয়া দরকার। কারিগরি শিক্ষা অর্জন করে দক্ষ জনশক্তি তৈরি করা গেলে নওগাঁ থেকে আরও বেশি জনশক্তি রপ্তানি করা সম্ভব।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, বড় জেলা হিসেবে নওগাঁয় মানবসম্পদ উন্নয়নে তুলনামূলক কম বরাদ্দ আসে। এ খাতে আরও বেশি বরাদ্দ থাকলে আরও বেশি কর্মসংস্থান সৃষ্টি হতো। বিশেষ করে বিশেষায়িত প্রশিক্ষণ আরও বেশি বেশি হওয়া প্রয়োজন।

নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি সাদেকুল ইসলাম বলেন, জেলার চালকলশিল্প নানা কারণে বর্তমানে ধুঁকছে। এ খাতের ব্যবসায়ীদের বিশেষ প্রণোদনা দেওয়া দরকার।

গোলটেবিল সংলাপে আরও বক্তব্য দেন জেলা মহিলাবিষয়ক কার্যালয়ের উপপরিচালক আমেনা খাতুন, উন্নয়নকর্মী ফজলুল হক খান, নারী উদ্যোক্তা শাবানা খাতুন, মানবাধিকারকর্মী নাইস পারভীন।

স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর নওগাঁ প্রতিনিধি ওমর ফারুক। বৈঠকটি সঞ্চালনা করেন প্রথম আলোর সহকারী সম্পাদক ফিরোজ চৌধুরী।