‘জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে কন্যাশিশুর জন্মনিবন্ধন ও এইচপিভি টিকাদান’ শীর্ষক গোলটেবিল বৈঠকে (বাঁ থেকে) অধ্যাপক ডা. ফিরোজা বেগম, ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার, সরদার মো. সাখাওয়াত হোসেন ও ড. রিয়াদ মাহমুদ। গতকাল প্রথম আলো কার্যালয়ে
‘জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে কন্যাশিশুর জন্মনিবন্ধন ও এইচপিভি টিকাদান’ শীর্ষক গোলটেবিল বৈঠকে (বাঁ থেকে) অধ্যাপক ডা. ফিরোজা বেগম, ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার, সরদার মো. সাখাওয়াত হোসেন ও ড. রিয়াদ মাহমুদ। গতকাল প্রথম আলো কার্যালয়ে

গোলটেবিল বৈঠক

জরায়ুমুখ ক্যানসার ঠেকাবে এইচপিভি টিকা

‘জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে জন্মনিবন্ধন ও কন্যাশিশুর এইচপিভি টিকাদান’ শীর্ষক গোলটেবিলের আয়োজক ইউনিসেফ ও প্রথম আলো। সহায়তায় গেটস ফাউন্ডেশন।

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় এখন ১০ বছর বয়সী কিশোরীদের হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা দেওয়া হচ্ছে। এ ক্যানসার শনাক্তের জন্য উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে দক্ষ জনবল নিয়োগ, যন্ত্র সরবরাহসহ এইচপিভি ডিএনএ পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে ‘জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে জন্মনিবন্ধন ও কন্যাশিশুর এইচপিভি টিকাদান’ শীর্ষক গোলটেবিল বৈঠকে মন্ত্রী এ কথা বলেন। গেটস ফাউন্ডেশনের সহায়তায় গোলটেবিল বৈঠকের আয়োজন করে জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ ও প্রথম আলো।

বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এইচপিভি টিকাদান কর্মসূচিতে সরকার প্রায় ৯০ শতাংশ লক্ষ্যমাত্রা অর্জন করেছে। এই সাফল্য ধরে রাখতে হবে। তিনি জানান, ক্যানসার চিকিৎসার সক্ষমতা বাড়াতে সারা দেশে নতুন ১৭টি লিনিয়ার এক্সিলারেটর রেডিওথেরাপি মেশিন স্থাপন করা হবে। এসব যন্ত্র পরিচালনার জন্য প্রয়োজনীয় জনবল নিয়োগ এবং স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

আলোচনায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, জরায়ুমুখ ও স্তন ক্যানসার শনাক্তকরণ এবং প্রাথমিক পর্যায়ে চিকিৎসা নিশ্চিত করতে দেশের প্রাথমিক ও মাধ্যমিক স্বাস্থ্যসেবায় নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ক্যানসার শনাক্তকরণের বিশেষ ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি জেলা ও মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে ক্যানসারের চিকিৎসাসেবা সক্ষমতা বাড়ানো হবে। সরকার এ উদ্যোগ বাস্তবায়নে অর্থ বিনিয়োগের পাশাপাশি উন্নয়ন সহযোগীদের কাছ থেকেও অর্থ সংগ্রহ করছে।

প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ক্যানসারের জন্য বিশেষ কর্নার গড়ে তোলার কথাও জানান এস এম জিয়াউদ্দিন হায়দার। এইচপিভি টিকাসহ সব টিকার গুণগত মান ঠিক থাকছে কি না, তা নজরদারির আওতায় আনার বিষয়টিতেও গুরুত্ব দেন তিনি।

বৈঠকে দেশে এইচআইভি টিকাসহ টিকার সার্বিক পরিস্থিতি তুলে ধরেন ইউনিসেফের স্বাস্থ্য ব্যবস্থাপক রিয়াদ মাহমুদ। তিনি বলেন, গত বছর থেকে ইপিআই কর্মসূচিতে এইচপিভি টিকা যুক্ত হয়েছে। দেশের ১০ বছর বয়সী কিশোরীদের এ টিকা দেওয়া হচ্ছে। বর্তমানে ১৬৪টি দেশে এইচপিভি টিকা দেওয়া হচ্ছে। ১৬টি দেশ ৯০ শতাংশ কভারেজ নিশ্চিত করেছে, সেই ১৬টি দেশের মধ্যে একটি বাংলাদেশ।

বছরে পাঁচ হাজার নারীর মৃত্যু

রিয়াদ মাহমুদ বলেন, দেশে প্রতিবছর পাঁচ হাজার নারী মারা যাচ্ছেন জরায়ুমুখ ক্যানসারে। প্রতিবছর নতুন করে ৯ হাজার নারী আক্রান্ত হচ্ছেন। অথচ এ ক্যানসার প্রতিরোধযোগ্য। এ ক্যানসার নির্মূলে এক ডোজ এইচপিভি টিকাই যথেষ্ট। ২০৩০ সালের মধ্যে এ ক্যানসার নির্মূলের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে কিশোরীদের বাইরে নারীদের স্ক্রিনিংয়ের আওতায় আনার পাশাপাশি চিকিৎসা নিশ্চিত করতে হবে।

 ইপিআইতে এইচপিভি, টাইফয়েডসহ তিনটি ক্যাম্পেইনে ভ্যাক্সইপিআই অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে টিকা দেওয়া হয়েছে। জন্মনিবন্ধন সনদ নম্বর ব্যবহার করে দুই কোটির বেশি শিশু–কিশোরীকে ই–হেলথ আইডি কার্ড দেওয়া হয়েছে।

আলোচনায় আন্তর্জাতিক উদরাময় গবেষণাকেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) জ্যেষ্ঠ বিজ্ঞানী ফিরদৌসী কাদরী বলেন, বিভিন্ন টিকা নিয়ে গুজব ছড়ানো হলেও এইচপিভি নিয়ে গুজব কম হয়। কেননা, এ টিকা নিয়ে মায়েরা সচেতন থাকেন। পার্বত্য অঞ্চলসহ সব জায়গায় কোনো কিশোরী যাতে এ টিকা থেকে বাদ না পড়ে, তা নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেন তিনি।

অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের (ওজিএসবি) প্রেসিডেন্ট অধ্যাপক ফিরোজা বেগম বলেন, স্ত্রী ও প্রসূতিরোগ বিশেষজ্ঞদের কাছে মায়েরা যাচ্ছেন। এই মায়েরা কিশোরী মেয়েকে যাতে এইচপিভি টিকা দেন, সে বিষয়ে কাউন্সেলিং করতে পারবেন। এ টিকা নিয়ে অনেকের ভুল ধারণা, ভবিষ্যতে সন্তান নেওয়ার ক্ষেত্রে এ টিকা প্রভাব ফেলবে। আসলে এটি সঠিক নয়, এ বিষয়েও মায়েদের সচেতন করতে হবে।

স্থানীয় সরকার বিভাগের জন্ম ও মৃত্যুনিবন্ধনের সহকারী রেজিস্ট্রার জেনারেল মো. মেহেদী হাসান বলেন, ঠেকায় না পড়লে অভিভাবকেরা সন্তানের জন্মনিবন্ধন করাতে চান না। এ ছাড়া জন্মনিবন্ধন করানোর সময় সন্তানের বয়স কম দেখানোর প্রবণতা আছে। ফলে তা টিকার ক্ষেত্রেও প্রভাব ফেলতে পারে। এ বিষয়েও সচেতনতা বাড়ানো প্রয়োজন।

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির সেন্টার ফর হেলথ ইমপ্ল্যানটেশন পলিসি সায়েন্সের (চিপস) পরিচালক এস এম মোয়াজ্জেম হোসেন বলেন, জন্মনিবন্ধনের হার বাড়লেই টিকা কভারেজ বাড়বে, তার নিশ্চয়তা নেই। তিনি ইরাকের উদাহরণ দিয়ে বলেন, সেখানকার তিনটি আইন কার্যকর। বিসিজি টিকা দিতে জন্মনিবন্ধন সনদ লাগবে। স্কুলে ভর্তির সময় এ দুটো সনদ দেখাতে হবে। আর সন্তানকে স্কুলে ভর্তি করা না হলে অভিভাবকদের আদালতে যেতে হচ্ছে।

গোলটেবিল বৈঠকে কিশোরী প্রতিনিধি অভান্তিকা কর্মকার জানায়, সে স্কুল থেকে এইচপিভি টিকা নিয়েছে। তবে জরায়ুমুখ ক্যানসার কাকে বলে, তা সম্পর্কে তার তেমন ধারণা নেই। স্কুলের শিক্ষক বলেছেন, বড় হলে জানতে পারবে।

ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক শাহানা আফরোজ বলেন, এইচপিভি টিকা কার্যক্রমে প্রশিক্ষিত ইমামরা জুমার খুতবায় বক্তব্য দেওয়াসহ বিভিন্নভাবে সচেতনতা বাড়াতে ভূমিকা রাখতে পারবেন। তিনি এই টিকা দেওয়ার আগে টিকা দেওয়া শিশুকেও জরায়ু কাকে বলে, কেন ক্যানসার হতে পারে, এসব সহজ করে বুঝিয়ে বলতে হবে বলে উল্লেখ করেন।

আলোচনায় আরও অংশ নেন জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) এসআরএইচএস বিশেষজ্ঞ আবু সাঈদ মোহাম্মদ হাসান, স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক (ইপিআই এবং সার্ভিল্যান্স) হাসানুল মাহমুদ, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) আবু আহম্মাদ আল মামুন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশের ন্যাশনাল প্রফেশনাল অফিসার (টিকাদান) চিরঞ্জিত দাস।