গরমকালে ঈদ হওয়ায় ইলেকট্রনিক পণ্যের বাজারে শীতাতপ নিয়নত্রণ যন্ত্রের চাহিদা অনেক বেশি। মডেল: জারা ও সাইফ।
গরমকালে ঈদ হওয়ায় ইলেকট্রনিক পণ্যের বাজারে শীতাতপ নিয়নত্রণ যন্ত্রের চাহিদা অনেক বেশি। মডেল: জারা ও সাইফ।

কেনাকাটা

ঈদে ইলেকট্রনিকসের বাজার

নতুন বা পুরোনো পরিবারগুলো ঈদের সময় এসি বা ফ্রিজ কিনে থাকেন। এখন এটা আর বিলাসিতা নয়, প্রয়োজনীয় উপকরণ।

ঈদের আনন্দ বহুগুণে বাড়িয়ে দেয় যখন বাড়িতে আসে নতুন কিছু। হোক সেটা পোশাক বা কোনো ইলেকট্রনিকস পণ্য। ঈদে পোশাকের পাশাপাশি এসি, ফ্রিজসহ বৈদ্যুতিক পণ্য কেনার চল দেখা যাচ্ছে কয়েক বছর ধরেই। যাঁরা নতুন পরিবার শুরু করেন, তাঁরা তো বটেই, পুরোনো পরিবারগুলোও ঈদের সময় এসব পণ্য ক্রয় করেন। গরমের এই সময় এসি বা ফ্রিজ এখন আর বিলাসিতা নয়, প্রয়োজনীয় উপকরণ।

কেনাকাটার ধরনে পরিবর্তন

ঈদের সময় এখন কেনাকাটার ধরনে পরিবর্তন এসেছে। ইলেকট্রনিকস পণ্যও কেনার তালিকায় রাখছেন অনেকে। সরকারি চাকরিজীবী জান্নাতুল নাঈম বললেন, ‘ঈদের সময় বেতনের পাশাপাশি বোনাসও পাওয়া যায়। তাই প্রয়োজনীয় কোনো পণ্য কেনার এটাই ভালো সময়। একেক ঈদে চাহিদামতো একেকটা নতুন পণ্য কিনছি।’ শুধু জান্নাতুল নাঈম একাই নন, বাজার ঘুরে দেখে গেছে ঈদের এই সময় অনেকেই প্রয়োজনীয় নতুন পণ্য ক্রয় করার জন্য অপেক্ষায় থাকেন।

ঈদের বাড়তি আনন্দ

স্টেডিয়াম মার্কেটে পরিবার নিয়ে এসি কিনতে এসেছিলেন ব্যবসায়ী শাহ আলম সরদার। তিনি বললেন, ঈদ এমনিতেই আনন্দের। ঈদের সময় যদি পরিবারে নতুন কোনো প্রযুক্তিপণ্য যুক্ত হয়, তাহলে পরিবারের সদস্যদের ঈদের আনন্দ বহুগুণে বেড়ে যায়।

একই বাজারের একটি দোকানের বিক্রয় ব্যবস্থাপক মো. আবু বকর জানান, ঈদের সময় ইলেকট্রনিকস পণ্যের বিক্রি বেড়ে যায় বহুগুণ। নির্মাতা প্রতিষ্ঠানগুলোও বিভিন্ন আকর্ষণীয় সুবিধা দেয়।

ঈদের আগে ঘরের প্রয়োজনিয় যন্তোপাতি কিনেন অনেকে

ঈদের সময়ে ক্রয়ে সুবিধা

ক্রেতাদের কাছে বর্তমানে ফ্রিজের চাহিদা বেশ ভালো। ঈদ উপলক্ষে বিভিন্ন কোম্পানি আকর্ষণীয় সুবিধা ঘোষণা করে। এবার গরমকালে ঈদ হওয়ার কারণে এসি বিক্রি বেড়েছে বহুগুণে। বিভিন্ন বাজার ঘুরে দেখে গেছে, এ বছর ঈদবাজারে এসিও বেশ চলছে। মিরপুরের সাবিনা ইলেকট্রনিকসের স্বত্বাধিকারী মিনহাজ ইসলাম জানান, মহামারির কারণে সামগ্রিক বিক্রি কিছুটা কম। তবে ঈদের সময় বিক্রি কিছুটা বেড়েছে। বিশেষ করে এসি ও ফ্রিজ।

নানা রকম সুবিধা

ওয়ালটন: ঈদ উপলক্ষে ওয়ালটন বিশেষ সুযোগ দিচ্ছে। ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১০–এ ওয়ালটন এসির ক্রেতাদের জন্য রয়েছে ২০০ শতাংশ পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক (টাকা ফেরত)। বিনিময়ের সুযোগে যেকোনো ব্র্যান্ডের পুরোনো এসি বদলে ২৫ শতাংশ মূল্যছাড়ে ওয়ালটনের নতুন এসি কেনার সুযোগ পাওয়া যাবে। এ ছাড়া অনলাইনের ই-প্লাজা থেকে নির্দিষ্ট মডেলের এসি কেনায় ৪০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে ওয়ালটন। সব মডেলের ওয়ালটন এসিতে রয়েছে বিনা মূল্যে বাড়িতে পৌঁছে দেওয়া ও সঠিকভাবে বিদ্যুতের সংযোগ লাগিয়ে দেওয়ার সুবিধা। এ ছাড়া ওয়ালটন ঈদ উপলক্ষে রেফ্রিজারেটর ও ফ্রিজার ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১০–এ ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন নগদ ১ লাখ টাকা। রয়েছে বিভিন্ন অঙ্কের কোটি কোটি টাকার নিশ্চিত ক্যাশ ভাউচার। এ ছাড়া অনলাইনের মাধ্যমে ওয়ালটন রেফ্রিজারেটর কেনায় রয়েছে নিশ্চিত ঈদ সালামি।

স্যামসাং: ‘ঈদ হোক ঈদের মতো’ শীর্ষক ঈদুল ফিতর ক্যাম্পেইন নিয়ে এসেছে স্যামসাং কনজ্যুমার ইলেকট্রনিকস বাংলাদেশ। স্যামসাং বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস বিভাগের হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, ‘আমরা গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে বিশেষ সুবিধা নিয়ে এসেছি। এই ক্যাম্পেইনের মাধ্যমে স্যামসাংয়ের ক্রেতারা সাশ্রয়ী মূল্যে তাঁদের প্রয়োজনীয় পণ্যের সংগ্রহ বাড়ানোর একটি দারুণ সুযোগ পাবেন।’

টিভি, রেফ্রিজারেটর, এয়ারকন্ডিশনার (এসি), ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেনসহ অসংখ্য পণ্যের ওপর স্যামসাং নিয়ে এসেছে নানা সুবিধা। রেফ্রিজারেটরে ১৫ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং বিনিময় সুযোগের পাশাপাশি পাওয়া যাবে রেফ্রিজারেটরে অতিরিক্ত ২৩ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক। বেশ কয়েকটি গেরস্তালি যন্ত্রে থাকবে তাৎক্ষণিক ক্যাশব্যাক।

সিঙ্গার: সিঙ্গার ‘ঈদ ডিসকাউন্ট অফার’–এর আওতায় এয়ারকন্ডিশনার, ফ্রিজ, ওয়াশিং মেশিন, টেলিভিশন, মাইক্রোওয়েভ ওভেন ও ল্যাপটপে আকর্ষণীয় সব ছাড় দিচ্ছে। রেফ্রিজারেটরে ক্রেতারা ৬ হাজার টাকা পর্যন্ত ছাড় পাবেন। এক্সচেঞ্জ অফারের আওতায় সাইড বাই সাইড রেফ্রিজারেটর কেনার সময় ক্রেতারা ১৫ হাজার টাকা পর্যন্ত ছাড়ের সুবিধা পাবেন। এ ছাড়া সিঙ্গার এয়ারকন্ডিশনার ক্রয়ের ক্ষেত্রে ক্রেতারা ৫,২০০ টাকা পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন। টেলিভিশনে থাকছে ৩ হাজার টাকা পর্যন্ত ছাড় এবং ক্রেতারা তাদের ব্যবহৃত টেলিভিশন বিনিময় করলে করে নতুন টেলিভিশন কেনার ক্ষেত্রে ১০ হাজার টাকা পর্যন্ত ছাড় সুবিধা উপভোগ করতে পারবেন। এ ছাড়া সিঙ্গার ওয়াশিং মেশিন, ডেল ল্যাপটপ ও মাইক্রোওয়েভ ওভেনে ছাড় আছে।

ফ্রিজে আছে এখন নানা রকম ছাড় ও সুবিধা

কনকা: বিশ্বের ১২০টির বেশি দেশের গ্রাহক ও ক্রেতার কাছে পৌঁছেছে কনকা। ইলেকট্রোমার্ট লিমিটেডের হাত ধরে কনকা ফ্রিজ বাংলাদেশে বিপণন কার্যক্রম শুরু করে। কনকার এখন রয়েছে ৫০টির বেশি মডেলের ফ্রিজ। টপ মাউন্ট, বটম মাউন্ট, ডিপ ফ্রিজার, ডিসপ্লে চিলার, আইসক্রিম ফ্রিজার, আপরাইট ফ্রিজার, মিনি রেফ্রিজারেটর, সাইড বাই সাইড রেফ্রিজারেটর রয়েছে কনকার। দাম ১৪ হাজার ৭০০ থেকে ৯০ হাজার টাকা। কনকা রেফ্রিজারেটরের রয়েছে সবজি রাখার বড় বক্স। কনকা রেফ্রিজারেটরে আছে অ্যাকটিভ কার্বন ডিউডোরাইসার যন্ত্র। ফলে খাবার দীর্ঘদিন থাকে টাটকা ও দুর্গন্ধমুক্ত। এটি ৭১ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ খরচ সাশ্রয় করে।

মিনিস্টার: মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেডের প্রস্তুতকৃত এসি শুধু ঘরকেই ঠান্ডা করে না, এটা পরিবেশবান্ধবও। মিনিস্টারের এসিতে জাপানের প্যানাসনিক কম্প্রেসর থাকে। এগুলোতে থাকছে ১২ বছরের গ্যারান্টি। মিনিস্টার দিচ্ছে ন্যূনতম ৫ হাজার টাকা ডাউনপেমেন্টে ইনভার্টার এসি। এ ছাড়া ৬ মাসের কিস্তি।

মিনিস্টারের রয়েছে বিভিন্ন দামের বিভিন্ন ধরনের ফ্রিজ। করোনার এই বিশেষ সময়ে প্রায় অর্ধেক দামে ফ্রিজ দিচ্ছে মিনিস্টার।

আরও আছে

ওয়ার্লপুরের ফ্রিজ ও এসিতে ঈদ উপলক্ষে বিশেষ অফার রয়েছে। বিভিন্ন পরিমাণ ছাড়ের পাশাপাশি প্রতিটি ফ্রিজে থাকছে উপহার। এ ছাড়া ২৪টি ব্যাংকে শূন্য শতাংশ ইন্টারেস্টে ১২ মাসের কিস্তিতেও ওয়ার্লপুলের ফ্রিজ কেনা যাবে। ঈদ উপলক্ষে ট্রান্সটেক ব্র্যান্ডের ফ্রিজ ও এসিতে ২৪টি ব্যাংকে শূন্য শতাংশ ইন্টারেস্ট ১২ মাসের কিস্তিতে পাওয়া যাবে। ঈদ উপলক্ষে প্রতিষ্ঠানটি বিশেষ অফার দিয়েছে ক্রেতাদের জন্য। মান ও আয়তনের ওপর দাম নির্ভর করে। ঈদ উপলক্ষে আরএফএলের ভিশন ও ভিগো, ওয়ার্লপুল, হিটাচি, এলজি, তোশিবা, সনি-র‌্যাংগ্‌স, শার্প, হাইকো, যমুনাসহ বিভিন্ন কোম্পানির এসি ও ফ্রিজ পাওয়া যাচ্ছে।

অনলাইনে কেনাকাটা

লকডাউনের মধ্যে ঘরে বসেই প্রয়োজনীয় পণ্য কেনার সুযোগ রয়েছে। প্রতিষ্ঠানগুলোর ওয়েসসাইটসহ ই-কমার্স ও এফ-কমার্সের মাধ্যমেও অনলাইনে কেনাকাটা করার সুযোগ রয়েছে। শোরুম থেকে ঘরে বসেই সব ধরনের পণ্য কেনার সুবিধা ও হোম ডেলিভারি নেওয়ার ব্যবস্থা করেছে অনেক প্রতিষ্ঠান। সরকারি নির্দেশনা মেনে যথাযথ স্বাস্থ্যবিধি রক্ষা করে পণ্য বিক্রয় ও ডেলিভারি দিচ্ছে শোরুমে।

কেনার আগে জেনে নিন

রেফ্রিজারেটর, এসিসহ ইলেকট্রনিকস পণ্য কেনার সময় ক্রেতাদের বিভিন্ন সুবিধা দেখে কেনা উচিত। বিশেষ করে দেখা উচিত এর প্রযুক্তিগত সুবিধাগুলো কেমন। কেনার আগে বিক্রয়োত্তর সেবা সম্পর্কে জেনে নেওয়া উচিত। ওয়ারেন্টি ও গ্যারান্টির বিষয়টিও বুঝে নিতে হবে। বর্তমানে বেশির ভাগ কোম্পানির পণ্য কিস্তিতে কেনা যায়। কয় মাসের কিস্তি বা প্রতি মাসে কী পরিমাণ টাকা পরিশোধ করতে হবে, সেটা কেনার আগে ভালোভাবে জেনে নেওয়া উচিত। ‘ফ্রি ডেলিভারি’ ও ‘ইনস্টলেশন’ সম্পর্কেও জানা উচিত।