তোমাদের প্রশ্নের মেড ইজি সমাধান!

প্রতিদিন কিশোর আলো কার্যালয়ে আসছে অসংখ্য চিঠি। অধিকাংশ চিঠিই থাকে তোমাদের প্রশ্নে ভর্তি। কীভাবে লেখা পাঠাব, কী ধরনের লেখা পাঠাব, ছবি কীভাবে—এমন অসংখ্য প্রশ্ন। সেই সব সৃজনশীল প্রশ্নের জন্যই কিশোর আলোর মেড ইজি সমাধান!

কিআ’তে লিখতে চাইলে কী করতে হবে?

প্রথমেই লেখাটা সাদা কাগজের এক পৃষ্ঠায় লিখে ফেলতে হবে। একই পৃষ্ঠার এপিঠ-ওপিঠ দুই পাশে লিখলে চলবে না। লেখার সঙ্গে সঙ্গে স্পষ্ট করে তোমার নাম, স্কুলের নাম, শ্রেণী, মুঠোফোন নম্বর ও যোগাযোগের পূর্ণ ঠিকানা লিখে পাঠিয়ে দিতে হবে এ ঠিকানায়: কিশোর আলো, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা।

লেখা কি ই-মেইলে পাঠানো যাবে?

হ্যাঁ। editor@kishoralo.com ঠিকানায় লেখা পাঠাও।

আমি কি বড় বড় গল্প-উপন্যাস পাঠাতে পারব?

বড় বড় গল্প-উপন্যাস না পাঠানোই ভালো। ছোট ছোট লেখা পাঠালে ছাপানোর সম্ভাবনাও বেশি।

আমি কি কিআ’র কাছে চিঠি লিখতে পারব?

পারবে। তবে চিঠি লেখার জন্য তোমাদের ‘জনাব, বিনীত নিবেদন এই যে’ টাইপ লেখা লিখতে হবে না। ‘কিআ’ লিখে যা লিখতে চাও, লিখে নাম-ঠিকানাসহ পাঠিয়ে দেবে কিশোর আলোর ঠিকানায়।

আমি কী ধরনের লেখা পাঠাতে পারব?

গল্প, ছড়া, কৌতুক, স্কুলের মজার ঘটনা, স্কুলের অনুষ্ঠানের খবর, স্কুলের তারকা নিয়ে লেখা, বিজ্ঞান, গণিত, তোমার আঁকা ছবি, কমিকস, তোমার তোলা ছবি, ভ্রমণ কাহিনিসহ যত রকম বিষয়ে লেখা যায়, সবই পাঠাতে পারবে কিশোর আলোতে।

আমি কি আমার সমস্যার কথা পাঠাতে পারি কিআ’তে?

হ্যাঁ, পারো। তোমাদের স্কুলের ও ব্যক্তিগত নানা সমস্যার জবাব দেবেন বিশেষজ্ঞরা।

কুইজের উত্তর কীভাবে পাঠাব?

কুইজের উত্তর পাঠানোর নিয়ম দেখো ১২৮ পৃষ্ঠায়।

গল্প, ছড়া, কুইজ—সব একই খামে পাঠানো যাবে?

যাবে। তবে আলাদা কাগজে লিখে পাঠাতে হবে। আর গল্প হলে কাগজের ওপরে বড় করে ‘গল্প’, ছড়া হলে ‘ছড়া’ কিংবা স্কুলের মজার ঘটনা হলে ‘স্কুলের মজার ঘটনা’ লিখবে। তবে প্রতিটি লেখার শেষে তোমার নাম-ঠিকানা লিখতে হবে।