মাছরাঙা টেলিভিশন

মাছরাঙা টিভিতে ঈদের দিন থেকে ষষ্ঠ দিন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা সোয়া ছয়টায় দেখানো হবে ধারাবাহিক নাটক খায়েশ। লিখেছেন কাজী শাহীদুল ইসলাম, পরিচালনা করেছেন সকাল আহমেদ। অভিনয় করেছেন মোশাররফ করিম, ফজলুর রহমান বাবু, অর্ষা, জুঁই, আরফান, শিরিন আলম প্রমুখ।

ফজলু সিকদারের মেজাজ খুব খারাপ। মতলব চেয়ারম্যান তাকে অপমান করেছে। প্রতিশোধ নেওয়ার জন্য অস্থির হয়ে ওঠে সে। লোকজন বুদ্ধি দেয়, মতলব চেয়ারম্যানকে হারিয়ে চেয়ারম্যান হতে হবে তাকে। এবার বড় বংশের সঙ্গে আত্মীয়তা করার সিদ্ধান্ত নেয় সে। যে বংশে ভোটের পরিমাণ বেশি, সেই বংশকে টার্গেট করে। ছেলের বউকে জোর করে ডিভোর্স দিয়ে বড় বংশের মেয়েকে ছেলের বউ বানাতে চায়। এমনকি নিজেও ভিন্ন ভিন্ন বংশে আরও তিনটা বিয়ে করে ভোটব্যাংক বাড়ানোর পরিকল্পনা করে।

তারপর নদী

মাছরাঙা টিভিতে ঈদের দিন বেলা ২টা ৪০ মিনিটে প্রচারিত হবে টেলিছবি তারপর নদী। লিখেছেন ও পরিচালনা করেছেন নুজহাত আলভী আহমেদ। অভিনয় করেছেন নোবেল, সজল, মিলা প্রমুখ। বন্ধুদের এক আড্ডায় পরিচয় হয় নদী ও আকাশের। সেই থেকে ভালো লাগা। আকাশ বাউন্ডুলে ধরনের ছেলে। হঠাৎ সে নদীর জীবন থেকে উধাও হয়ে পড়াশোনায় মন দেয়। এদিকে তার জন্য নদীর অপেক্ষা ফুরায় না। আকাশের কোনো খোঁজ না পেয়ে বাবা-মায়ের পছন্দের ছেলেকে বিয়ের সিদ্ধান্ত নেয় নদী। কিন্তু আকাশের কথা ভুলতে পারে না। যেদিন নদীর বিয়ে হবে, সেদিন আকাশ এসে দাঁড়ায় নদীর মুখোমুখি।

আ জার্নি বাই পাস্ট

মাছরাঙা টিভিতে ঈদের পরদিন রাত ৮টা ৫০ মিনিটে প্রচারিত হবে নাটক আ জার্নি বাই পাস্ট। লিখেছেন জাকারিয়া সৌখিন, পরিচালনা করেছেন এম আই জুয়েল। অভিনয় করেছেন অপূর্ব, শশী প্রমুখ। দীর্ঘদিন প্রেম করার পর সংসার বাঁধে অপু ও শশী। একদিন হঠাৎ মায়ের বাড়িতে গিয়ে শশী জানায়, সে আর অপুর সঙ্গে সংসার করবে না। ডিভোর্স চায় সে। মাথায় আকাশ ভেঙে পড়ে শশীর মায়ের। কী করবে বুঝতে পারে না। শশী সারাক্ষণ একটা ছেলের সঙ্গে ফোনে কথা বলে। সেই ছেলেকে নিয়ে শশী চলে আসে মায়ের কাছে। ছেলেটাকে দেখে শশীর মা অবাক। কেন?

‘​ক্রিকেট ক্রিকেট’ অনুষ্ঠানে নাসির হোসেন, মারিয়া নূর, তাসকিন আহমেদ ও সৌম্য সরকার। মাছরাঙা টিভিতে ঈদের পর দিন সন্ধ্যা সাতটা ​৪০ মিনিটে প্রচারিত হবে ক্রিকেট তারকাদের সঙ্গে আড্ডার এই অনুষ্ঠানটি। সঞ্চালনা করেছেন মারিয়া নূর

দূর নক্ষত্রের কাছে

মাছরাঙা টিভিতে ঈদের তৃতীয় দিন বেলা ২টা ৪০ মিনিটে প্রচারিত হবে টেলিছবি দূর নক্ষত্রের কাছে। লিখেছেন শফিকুর রহমান শান্তনু, পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, রিচি সোলায়মান, মাজনুন মিজান, নাজিয়া মৌ প্রমুখ।

মাহফুজ মানসিক যন্ত্রণা দূর করার জন্য রাঙামাটিতে তার বান্ধবীর রিসোর্টে যায়। কয়েক দিন পর সেখানে আসে আয়না ও মিজান। আয়নাকে দেখে চমকে ওঠে মাহফুজ। মেয়েটা দেখতে হুবহু মাহফুজের সেই স্ত্রী, যাকে সে পানিতে ডুবিয়ে হত্যা করেছিল। কে এই আয়না?

ক্রায়িং রুম

মাছরাঙা টিভিতে ঈদের দিন রাত ৮টা ৫০ মিনিটে প্রচারিত হবে নাটক ক্রায়িং রুম। লিখেছেন রিয়াদ বিন মাহবুব, পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। অভিনয় করেছেন ইরেশ যাকের, তিশা প্রমুখ। ইরেশ ও তিশার নতুন সংসার। তাদের বাসার বিভিন্ন রুমের আলাদা নাম রয়েছে। তেমনই একটি রুমের নাম ক্রায়িং রুম। যেখানে তারা নিজেদের দুঃখ-কষ্টের কথাগুলো ভাগাভাগি করে। ইরেশ অগোছালো টাইপের ছেলে, যা তিশার দুই চোখের বিষ। এ কারণে তিশা তার সঙ্গে সারাক্ষণ চিৎকার করে। শাস্তি হিসেবে ইরেশকে খাটের নিচে শুতে হয়। এদিকে ইরেশের চোখে কঠিন এক সমস্যা ধরা পড়ে। শিগগিরই সে অন্ধ হয়ে যাবে। তিশারও এক মরণব্যাধি ধরা পড়ে। সে জানে, শিগগিরই সে মারা যাবে।