ঘরের শত্রু!
বেচারা জেরার্ড পিকেকে নিজভূমেই এখন পরবাসী হয়ে থাকতে হচ্ছে! স্পেনের হয়ে খেলার সময় কোথায় সমর্থকেরা তাঁকে উৎসাহ জোগাবেন, উল্টো শুনতে হচ্ছে দুয়ো। পরশু ওভিয়েদোয় স্লোভাকিয়ার বিপক্ষে ম্যাচেও এমন বিব্রতকর এক অভিজ্ঞতা হয়ে গেল বার্সেলোনা ডিফেন্ডারের। বল কাছে গেলেই অনেক দর্শক তাঁর নাম ধরে দুয়ো দিয়েছেন। বার্সার হয়ে চ্যাম্পিয়নস লিগ জেতার পর রিয়াল মাদ্রিদকে নিয়ে বিদ্রূপ করেছিলেন। এরপর থেকে মাদ্রিদ সমর্থকদের কাছে যেন ‘জাতীয় শত্রু’ই হয়ে গেছেন। তবে আর কেউ বুঝুন না-বুঝুন, ইকার ক্যাসিয়াস অন্তত বুঝতে পারছেন পিকের বেদনা। সাবেক রিয়াল অধিনায়ক বলছেন, এই ‘সংবর্ধনা’ পিকের প্রাপ্য নয়। স্পেনের কোচ ভিসেন্তে দেল বস্কও বেশ খেপেছেন। জাতীয় দলের খেলোয়াড়কে এভাবে দুয়ো দেওয়াটা স্পেন কোচের দৃষ্টিতে খুবই লজ্জার। দেল বস্কের সঙ্গে দ্বিমত করার লোক বোধ হয় কমই আছেন। রয়টার্স।
ভরসা তুকতাক
ফুটবলে চোটাঘাত থাকবেই। বার্নলির একের পর এক খেলোয়াড় যখন চোট পেতে থাকলেন, সেটার মধ্যে অস্বাভাবিকতা খুঁজে পায়নি কেউ। কিন্তু ১৮ মাসের মধ্যে পাঁচজনের লিগামেন্ট ছিঁড়ে যাওয়াটা একটু বিস্ময়করই বৈকি! এমন পরিস্থিতিতে অনেকেই হয়তো অনেক কিছু করবেন, কিন্তু বার্নলি একটু আধিভৌতিক সমাধানের দিকে গেল। কেভিন ক্যারিলন নামের এক ওঝার তুকতাকের খ্যাতি আছে, দ্বারস্থ হলো তাঁরই। ‘কেভ দ্য উইচ’ নামে পরিচিত কেভিন ঘোষণা দিলেন, ১৯৯০ সাল থেকে বার্নলির আশপাশে অশুভ কিছু ভর করে আছে। সে কারণেই এই ক্রমাগত চোটাঘাত। এমনকি সামনে ক্লাবের এমনই আর্থিক সংকট আসছে যে, দেউলিয়া হয়ে যাওয়ারও আশঙ্কা আছে। শুধু সমস্যা জানিয়েই ক্ষান্ত হননি, সমাধানও করেছেন। একটা মন্ত্র পড়ে জানিয়ে দিয়েছেন, এখন থেকে আর কোনো সমস্যা হবে না। দেখা যাক, তুকতাকে কতটা কাজ হয়! ইএসপিএন।