ক্লোসার স্বীকারনেপলসের স্টেডিয়ামে খেলতে এসেছিল লাৎসিও। ম্যারাডোনার স্মৃতিধন্য স্টেডিয়াম। ক্লোসা হয়তো স্মৃতিকাতর হয়ে পড়েছিলেন? তাই ফুটবল-গ্রেটের স্মরণে কিছু একটা করতে চাইলেন। করলেনও। পরশু ম্যাচ শুরুর তিন মিনিটের মধ্যেই ম্যারাডোনা স্টাইলে গোল করে ফেললেন এই জার্মান। ম্যারাডোনার বিখ্যাত ‘হ্যান্ড অব গড’ গোলটাকেই নকল করলেন। উৎসবে মাতল লাৎসিও, প্রতিবাদে নামল নাপোলি। তবে লাৎসিওর উৎসবে জল ঢাললেন ক্লোসা নিজেই। রেফারির কাছে স্বীকার করলেন গোলটা হাত দিয়েই করেছেন। বাতিল হলো গোলটা। পরে ৩ গোল খেয়ে ম্যাচটা হেরেই গেল লাৎসিও। জিতলেন ক্লোসাই। অনেকে এও বললেন, ‘এ ঘটনায় ক্লোসার পুরস্কার পাওয়া উচিত।’ রয়টার্স। হায়েকের কান্নাএত জল ও কাজলচোখে সজনী আনল বলো কে? সোজা কথায় প্রশ্নটার উত্তর: ফুটবল! সালমা হায়েকের কাজলচোখে প্রায়ই জলের বান ডাকে চর্মগোলকের এই খেলাটি। মেক্সিকোয় জন্ম নেওয়া ৪৬ বছর বয়সী এই মার্কিন অভিনেত্রী ফুটবলের মহা ভক্ত। হায়েক বলেছেন, ‘ভালো ম্যাচ হলেই আমি সেটা খুব উপভোগ করি। জানি বাকিদের মতো আমারও বলা উচিত, “আমি দুই হাত খুলে কেনাকাটা করতে ভালোবাসি।” কিন্তু আসলে আমি সে রকম নই। আমি ফুটবল খুব ভালোবাসি। এটা আমার জীবনকে অনুপ্রাণিত করে। মাঝেমধ্যে খেলা দেখতে দেখতে ভীষণ আবেগাক্রান্ত হয়ে পড়ি। খুব কম জিনিসই আছে আমাকে কাঁদাতে পারে। ফুটবল এর একটা।’ ওয়েবসাইট।রোনিকে বিদ্রূপতাঁর ফ্লামেঙ্গো ছেড়ে যাওয়াটা মানতে পারেনি ক্লাবের সমর্থকেরা। শুধু ক্লাব ছাড়েননি, উল্টো যোগ দিয়েছেন ‘শত্রুশিবিরে’। এরপর বকেয়া বেতন-ভাতা চেয়ে ২ কোটি ৭০ লাখ ডলারের ক্ষতিপূরণ মামলাও করেছেন। রোনালদিনহো এখন খেলেন অ্যাটলেটিকো মিনেইরোতে। পরশু ব্রাজিলের সিরি ‘আ’ চ্যাম্পিয়নশিপে ম্যাচ ছিল এই দুই দলের। ‘রোনি’র ওপর শোধ তুলেছে সমর্থকেরা। রিওর এনজেনহাও স্টেডিয়ামের ম্যাচটিতে যতবারই বল পায়ে গেছে রোনালদিনহোর, ততবারই বিদ্রূপের শিস বাজিয়েছে ফ্লামেঙ্গোর সমর্থকেরা। ‘ওরা যা খুশি করতে পারে। ওরা এমনটা করবে আমি জানতাম’—ম্যাচ শেষে বলেছেন রোনালদিনহো। ওয়েবসাইট।