টেন্ডুলকার-ভক্তএকজন ৮০০ মিটার ট্র্যাকে দৌড়ান। অন্যজন ২২ গজের উইকেটে। মিল আরেকখানে। নিজ নিজ খেলায় দুজনই কিংবদন্তি। একজন ডেভিড রুডিশা, অন্যজন শচীন টেন্ডুলকার। দুই ভুবনের বাসিন্দা। তার পরও ৮০০ মিটারে অলিম্পিক ও বিশ্ব চ্যাম্পিয়ন রুডিশা টেন্ডুলকারের মহাভক্ত। তাঁর দেশ কেনিয়া একসময় ক্রিকেটে দারুণ সম্ভাবনা জাগিয়ে এখন অবশ্য ক্ষয়িষ্ণু শক্তি। তাঁর ইচ্ছা ‘ক্রিকেট-ঈশ্বরের’ সঙ্গে দেখা করারও, ‘আমি শচীনের সঙ্গে দেখা করতে চাই। টিভিতে ওর খেলা দেখেছি। সত্যিই দুর্দান্ত ব্যাট করে। তার সঙ্গে সাক্ষাৎ আমার জন্য হবে বিরাট পাওয়া। আমার ব্যস্ত সূচির ফাঁকে সুযোগ পেলেই আমি ক্রিকেট দেখি।’ ওয়েবসাইট।গেইলের নাচআয়ারল্যান্ডের সঙ্গে ম্যাচে প্রথম নেচেছিলেন। এরপর বৃহস্পতিবার ইংল্যান্ডের জনি বেয়ারস্টোকে আউট করার পর আবার ক্রিস গেইলের সেই অদ্ভুতুড়ে নাচ। খ্যাপাটের মতো দুই হাত ঝাঁকিয়ে এ আবার কেমনতরো নাচ? অন্তর্জাল-জগতে যাঁরা নিয়মিত ঢুঁ মারেন, তাঁদের কাছে এটা খানিক পরিচিত ঠেকতে পারে। হালে বিশ্বে হুলুস্থুল ফেলে দেওয়া ‘গ্যাংনাম স্টাইলেরই’ অনুকরণেই এটা করেছেন গেইল। কোরিয়া থেকে জনপ্রিয় হওয়া এই নাচ নিয়ে গেইল বেশ উৎফুল্লই, ‘আমার এই নাচের ভিডিও বের করার জন্য একজন প্রযোজক দরকার। কাউকে চেনেন নাকি?’ গেইলের দেখাদেখি উইন্ডিজ দলের সবাই না আবার এই নাচ জুড়ে দেন! এএফপি। সাইনার ওড়াপার করছেন ক্যারিয়ারের সেরা সময়। সাইনা নেহওয়াল যেন উড়ছেন। ব্যাডমিন্টনে চীনাদের একচ্ছত্র আধিপত্যের মধ্যেও ব্রোঞ্জ জিতেছেন লন্ডন অলিম্পিকে। ভারতীয় ব্যাডমিন্টনের রানি এবার সত্যি সত্যিই উড়লেন। ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) একটি বিমানে চড়ে আরকি! মাটিতে নামার আগে আকাশে ছিলেন মিনিট বিশেক। পরশু হায়দরাবাদে আইএফের ট্রেনিং একাডেমির ক্রীড়া সপ্তাহের সমাপনী অনুষ্ঠানের সম্মানিত অতিথি হিসেবে সাইনার এই উড়ে বেড়ানো। সাইনার ভাষায়, ছোটবেলার ‘স্বপ্ন সত্যি হয়েছে।’ মেঘের কাছে গিয়ে একটু ভয় অবশ্য পেয়েছেন, তবে খুশি। অসাধারণ এ অভিজ্ঞতাটা ব্যাডমিন্টনে তাঁকে আরও অনুপ্রাণিত করবে বলেই জানিয়েছেন সাইনা। ওয়েবসাইট।