নিজের ঢোলনিজের ঢোলটা সিলভিও বেরলুসকোনি ভালোই বাজাতে জানেন। এসি মিলানের প্রেসিডেন্ট এবং ইতালির প্রধানমন্ত্রী এবার উদ্যোগ নিয়েছেন, নিজের নামেই একটা স্টেডিয়ামের নামকরণ করার। একটা ভালো যুক্তিও বের করেছেন। এবার লিগ জিতছেনই, তিনি ক্লাবের প্রধান হওয়ার পর এটি হবে মিলানের ২৭তম শিরোপা। নিজেকে সবচেয়ে সফল প্রেসিডেন্ট হিসেবে দাবি করে বেরলুসকোনি বলেছেন, ‘আমার পর প্রেসিডেন্ট হিসেবে সবচেয়ে সফল সান্তিয়াগো বার্নাব্যু। তাঁর নামেও তো একটা স্টেডিয়াম আছে (রিয়ালের)।’ পরিসংখ্যান ভালোই দিয়েছেন। তবে শুভঙ্করের ফাঁকিও আছে তাতে। মিলান এমন ১২টি ট্রফি জিতেছে, যেগুলোর বেশির ভাগই বার্নাব্যুর সময়ে খেলাই হতো না। এএফপি।দাড়িওয়ালা ধোনিচাইলে এখন নিজেকে ভারতসম্রাট বলেও দাবি করতে পারেন মহেন্দ্র সিং ধোনি। ক্রিকেট-উন্মাদনার দেশে বিশ্বকাপ জিতিয়েছেন—ধোনিকে ভারতবাসী মাথায় তুলে তো রাখবেই। না! সবাই যে তাঁর সবকিছুইতেই হাততালি দিচ্ছে এমন নয়। সম্প্রতি ধোনি যেমন একটি মদের বিজ্ঞাপন করেছেন। তরুণদের কাছে আদর্শ ধোনির এই বিজ্ঞাপন করা উচিত হয়নি—এই মতবাদে বিশ্বাসীরা তামিলনাড়ুতে বিক্ষোভও করেছে। ধোনির বিজ্ঞাপনে হাজির হওয়া অবশ্য তাতে কমে যাচ্ছে না। নতুন একটা বিজ্ঞাপনে দাড়িওয়ালা ধোনিকে দেখা যাচ্ছে। সেটিও পানীয়রই বিজ্ঞাপন; অবশ্য কোমল পানীয়। ওয়েবসাইট। তিনি তখন...রোম যখন পুড়ছিল, নিরো বাঁশি বাজাচ্ছিল। কিন্তু রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়নস লিগ ফাইনালের আশা যখন পুড়ছিল, হোসে মরিনহো কী করছিলেন? জানার উপায় নেই। রিয়াল কোচের টিকিটিরও দর্শন যে মেলেনি। মরিনহো আসলে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের ফিরতি লেগে মাঠেই যাননি। প্রথম লেগে লাল কার্ড দেখে ডাগ-আউটে বসার অধিকার হারিয়েছেন। কিন্তু গ্যালারিতে বসতে মানা ছিল না। প্রথম ম্যাচের পরই উয়েফাকে সমালোচনায় ধুয়ে দেওয়া মরিনহো টিম হোটেলে বসেই খেলা দেখেছেন। শোনা যাচ্ছে, ভিআইপি গ্যালারিতে নাকি মরিনহোর জন্য একটা ফাঁকা আসন জোগাড় করতে পারেনি বার্সা। আর নিরাপত্তার কারণে সাধারণ গ্যালারিতেও মরিনহো বসেননি। ওয়েবসাইট।