আলভেজের শাস্তি
দল সেদিনই বিদায় নিল চ্যাম্পিয়নস লিগ থেকে। স্বাভাবিকভাবেই সবার মন খারাপ। দানি আলভেজ ভেবেছিলেন একটু রসিকতা করে পরিবেশটা হালকা করবেন। মাথায় একটা পরচুলা পরে নিজের বান্ধবীর গলা নকল করলেন। তার পর ইনস্টাগ্রামে পোস্ট করলেন একটা ভিডিও। সেটির মূল কথা, ‘জীবন ফুটবল ম্যাচের চেয়েও অনেক বেশি বড়। আর তুমি আমার কাছে তার চেয়েও বড়। আমি তোমাকে অনেক অ-নে-ক ভালোবাসি।’ এখন এই ভিডিও নিয়েই বিপাকে পড়ে গেছেন আলভেজ। বার্সেলোনার অনেক কর্তাব্যক্তি আলভেজের এই রসিকতা ভালোভাবে নেননি। অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হারের স্মৃতিটা এখনো দগদগে। সেই হার নিয়ে রসিকতাটা অনেকের কাছেই অপরিপক্ব মনের কাজ বলে মনে হয়েছে। বার্সার পরিচালকদের একজন জর্ডি মোনেস আভাস দিয়েছেন, আলভেজকে এখন শাস্তিও পেতে হতে পারে। তাহলে কি ফেঁসেই গেলেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার? মার্কা।
এত কাগজ
ফুটবল মাঠে কত বিচিত্র কারণেই তো খেলায় বিঘ্ন ঘটে। কখনো দর্শক অযাচিতভাবে মাঠে ঢুকে পড়েন, কখনো বা প্রাকৃতিক দুর্যোগ। সর্বশেষ সংযোজন, মাঠে উড়ে আসা কাগজের কারণেও বিপত্তি ঘটল ম্যাচে। বিচিত্র এ ঘটনা ঘটেছে পরশু ফ্রেঞ্চ লিগের ম্যাচে। অলিম্পিক লিওঁর সঙ্গে নিসের ম্যাচ চলছিল। লিওঁর মাঠে ম্যাচটির শুরুতেই দুবার ধাক্কা খেল স্বাগতিক দল। ১৭ মিনিটে নিসের ভ্যালেরি জার্মেই গোল করলেন, আট মিনিট পর লাল কার্ড দেখলেন লিওঁ স্ট্রাইকার ম্যাক্সওয়েল কর্নেট। স্বাগতিক দর্শকদের ক্ষোভ প্রকাশ পেল ৭০ মিনিটে। হাতের কাছে থাকা কাগজ, লিফলেট—সব মাঠে ছুড়তে শুরু করলেন। এসব উড়ে আসা কাগজ খেলাই থামিয়ে দিল। অবশ্য মাঠকর্মীরা কাগজ সরিয়ে নেওয়ার পর আবার শুরু হয় খেলা। তাতে লিওঁর স্বস্তি, আলেক্সান্দার ল্যাকাজেতের গোলে ম্যাচ শেষ করেছে ১-১ ড্র নিয়ে। ডেইলি মেইল।