উল্টো ছবিক্রীড়া প্রতিবেদক নির্বাচনে জয়ীদের অনেকের দেখা মিলছে না। দেখা মিলছে হেরে যাওয়াদের! বিপরীত এই ছবি কাল দেখা গেল বাফুফে ভবনে। বাফুফের সদ্য শেষ হওয়া নির্বাচনে সহসভাপতি পদে হেরেছেন বিদায়ী কমিটির সহসভাপতি মনজুর হোসেন। কাল বিকেলে ভবনে এলেন মনজুর ও সহসভাপতি পদে হেরে যাওয়া আরেক প্রার্থী মহিউদ্দিন মহি। উদ্দেশ্য সভাপতি সালাউদ্দিনকে শুভেচ্ছা জানানো। কিন্তু নির্বাচিত সহসভাপতি বাদল রায়ের দেখা মিলছে না। তাঁর কক্ষে তালা ঝুলছে। একটি মহল টাকা বিলিয়ে তাঁকে হারাতে চেয়েছে বলে অভিযোগ তুলে দূরে সরে আছে। এ যেন ‘কাছের’ মানুষ দূরে, দূরের মানুষ কাছে! কারণঅন্য কেউ না পারুক, ইংল্যান্ডের কোচ হতে না পারার আসল কারণটা হ্যারি রেডন্যাপ ঠিকই উপলব্ধি করতে পেরেছেন। কারণটা কী? বেশি কথা বলা। রেডন্যাপ নিজেই বলছেন, স্পষ্টবাদী ও খোলামেলা কথা বলার স্বভাবের কারণেই তিনি ইংল্যান্ডের কোচ হতে পারেননি। ‘সত্যি বলতে কথা বলতে আমি কাউকেই পরোয়া করি না’—বলেছেন টটেনহামের কোচ। ফ্যাবিও ক্যাপেলো সরে দাঁড়ানোর পর ইংল্যান্ডের সম্ভাব্য কোচ তালিকায় রেডন্যাপই ছিলেন ফেবারিট। অনেকেই টটেনহামের কোচকে ইংল্যান্ডের ভাবী কোচ হিসেবে ভাবতেও শুরু করেছিলেন। কিন্তু গত সপ্তাহে বিস্ময়করভাবে ওয়েস্টব্রমের কোচ রয় হজসনকে পছন্দ করেছে এফএ। ওয়েবসাইট।টেন্ডুলকার পারবেন!সব কাজ সবার জন্য নয়। লতা মঙ্গেশকরকে ক্রিকেট খেলতে দিলে পারবেন না। আর শচীন টেন্ডুলকারও পারবেন না লতাজির মতো গাইতে। অনেকে বলছেন, সংসদের সদস্যপদও ঠিক টেন্ডুলকারের জন্য নয়। তবে এই ধারণার সঙ্গে একমত নন লতা। ভারতের এই কিংবদন্তি বলছেন, টেন্ডুলকার তাঁর প্রজ্ঞা দিয়ে অবশ্যই অবদান রাখতে পারবেন দেশের রাজনীতিতে। লতাজি নিজেও রাজ্যসভার সদস্য ছিলেন, ভারতীয় জনতা পার্টির মনোনয়নে। তবে আসলে কোনো দলের সমর্থক তিনি নন। টেন্ডুলকারও কংগ্রেসের মনোনীত সাংসদ। তার মানেই যে টেন্ডুলকার কংগ্রেসী হয়ে গেলেন, সেটাও মনে করেন না এই ৮২ বছর বয়সী সংগীতশিল্পী। ওয়েবসাইট।