চিঙ্গোকার চিন্তাবুলাওয়ে থেকে প্রতিনিধি গাড়ির পেছনে মালপত্র উঠিয়ে ড্রাইভিং সিটে বসবেন, এমন সময় হলিডে ইনের পার্কিংয়ে বাংলাদেশের সাংবাদিকদের দেখে দাঁড়িয়ে পড়লেন জিম্বাবুয়ে ক্রিকেটের চেয়ারম্যান পিটার চিঙ্গোকা। কুশলবিনিময়, তারপরই উঠে এল প্রসঙ্গটা। চিঙ্গোকা চিন্তিত হয়ে জানতে চাইলেন, ‘ঢাকার অবস্থা কী? সমস্যার সমাধান হয়েছে?’ সাংবাদিকদের কাছে যখন শুনলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গত রাতেই রাজপথ থেকে আন্দোলনকারীদের সরিয়ে দিয়েছে, স্বস্তি পেলেন তিনিও, ‘যাক, আশা করি সব ঠিক হয়ে যাবে।’ বাংলাদেশের বোর্ড সভাপতিদের মতো রাজনীতি করেন না পিটার চিঙ্গোকা। কোনো দিন নির্বাচনে দাঁড়াননি, ভবিষ্যতেও সে ইচ্ছা নেই বলেই জানালেন। তার পরও বাংলাদেশের চলমান রাজনৈতিক সহিংসতা নিয়ে তাঁর আগ্রহের কারণটা পরিষ্কার। রাজপথ না হোক, খেলার মাঠে তো বাংলাদেশেরও সাথি তিনি!