স্বপ্নভঙ্গের পর...
বুকটা দুরুদুরু কাঁপছে রিক উয়ির। অবশেষে অপেক্ষা ফুরোচ্ছে, প্রিয় দলকে নিজের চোখে দেখবেন মাঠে! নিয়তি কিন্তু অলক্ষ্যে একটু মুচকি হাসছিল। ম্যাচ শুরু হওয়ার আধঘণ্টা আগেই ঘোষণা আসে, খারাপ আবহাওয়ার কারণে ম্যাচ স্থগিত করা হয়েছে। অথচ ক্রিস্টাল প্যালেসের সঙ্গে পরশুর ম্যাচটা দেখার জন্য এভারটন সমর্থক উয়ি সাত হাজার মাইল দূরের মালয়েশিয়া থেকে উড়ে এসেছেন ইংল্যান্ডে। তবে দুধের স্বাদটা পরে ঘোলে হলেও মিটেছে। উইয়ির টুইট দেখে এভারটন কর্তৃপক্ষ দলের ড্রেসিংরুমে যাওয়ার সুযোগ করে দেয় তাঁকে। উয়ি কথা বলতে পেরেছেন স্বপ্নের নায়কদের সঙ্গে। এটা তো কম নয়! এএফপি।

হূদয়ে চোট
নতুন বছরের শুরুতেই আঁচটা মিলেছিল। বছরের প্রথম দিনটি কি না তাঁরা উদ্যাপন করছেন আলাদা! নেইমার ও তাঁর প্রেমিকা ব্রুনা মারকুইজেনের সম্পর্কটা কি তবে চুকেবুকে গেছে? যা রটেছিল, ঘটনা তা-ই! পেশায় অভিনেত্রী মারকুইজেন নিজেই নিশ্চিত করেছেন, ব্রাজিল ও বার্সেলোনা তারকার সঙ্গে আর সম্পর্ক নেই তাঁর। ব্রাজিলের মিডিয়া হাউস গ্লোবোর সাংবাদিক প্যাট্রিসিয়া কোগুতের ব্লগে সেটা জানিয়েছেন। ইনস্টাগ্রামে দুজনের প্রেমময় ছবিগুলোও মুছে দিয়েছেন। এমনিতেই দলবদল-বিতর্কে নাজেহাল নেইমার চোটাঘাতে এখনো খেলার বাইরে। এবার নতুন করে চোট পেলেন হূদয়ে। নেইমার সইতে পারবেন তো? ওয়েবসাইট।