লর্ডস টেস্টের চতুর্থ ইনিংস কি আরেকটি অপরাজিত সেঞ্চুরি উপহার দিয়েছে? আরেকটি অপরাজিত সেঞ্চুরি পেলেই তো রেকর্ডটা হয়ে যায়। এক টেস্টের চার ইনিংসেই অন্তত একটি করে হার না-মানা সেঞ্চুরির প্রথম উদাহরণ হয়ে যাবে লর্ডস। প্রথম তিন ইনিংসে কেভিন পিটারসেন অপরাজিত ২০২, রাহুল দ্রাবিড় অপরাজিত ১০৩ ও ম্যাট প্রায়র অপরাজিত ১০৩ রান করেছেন। দুই হাজার টেস্টে মাত্র চারবার ঘটল এ ঘটনা। এ ঘটনার প্রথম সাক্ষী লর্ডসই। ১৯২৬ অ্যাশেজে সেঞ্চুরি করেছিলেন অস্ট্রেলিয়ার ওয়ারেন বার্ডসলি (১৯৩*) ও চার্লস ম্যাকার্টনি (১৩৩*) এবং ইংল্যান্ডের প্যাটসি হেনড্রেন (১২৭*)। এরপর ২০০০ সালে নাগপুরে ভারতের শচীন টেন্ডুলকার (২০১*) এবং জিম্বাবুয়ের গ্রান্ট ফ্লাওয়ার (১০৬*) ও অ্যান্ডি ফ্লাওয়ার (২৩২*) এবং ২০০৮ সালে সিডনিতে অ্যান্ড্রু সাইমন্ডস (১৬২*), টেন্ডুলকার (১৫৪*) ও মাইক হাসি (১৪৫*)।