বয়স ৭৫। ২০০৯ সাল থেকে চাকরি-বাকরিও নেই, বেকার। লুইস আরাগোনেসের অবসরের খবরটিতে বিস্ময়ের কিছু ছিল না। কিন্তু এক দিন না যেতেই অবসর প্রশ্নে ১৮০ ডিগ্রি ঘুরে দাঁড়ালেন স্পেনকে ২০০৮ ইউরো জেতানো কোচ, ‘হোর্তালেজার জ্ঞানী ব্যক্তি’। শুধু ঘুরে দাঁড়ানোই তো নয়, আরাগোনেসের দাবি, তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে! তিনি অবসরের কথা বলেননি। দুই দিন আগে এক অনলাইন পত্রিকা তাদের খবরে বার্সেলোনার সাবেক কোচকে উদ্ধৃত করে, ‘লুইস অতীত, সে শেষ। আমি আর কোচিং করাব না।’ সেই আরাগোনেস পরশু মুন্ডো দেপোর্তিভোকে বললেন, ‘আমি কোনো ঘোষণা দিইনি।’ ভালো প্রস্তাব পেলে আবারও কোচিং করাতে চান আরাগোনেস। এএফপি।