আকরামের কাছে ক্ষমাপ্রার্থনা

পাকিস্তানের পেস বোলিং কিংবদন্তি ওয়াসিম আকরামের গাড়িতে গুলির ঘটনায় লিখিতভাবে ক্ষমা চেয়েছেন ঘটনাটির প্রধান সন্দেহভাজন মেজর (অব.) আমিরুল রেহমান। গত ৬ আগস্ট রাস্তার রেষারেষি থেকে গুলিবর্ষণের ঘটনাটিকে ‘দুঃখজনক’ বর্ণনা করে আকরামের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। নিজেকে ও পরিবারকে আকরামের ভক্ত উল্লেখ করে আমিরুল বলেছেন, ঘটনার পর তাঁর পরিবার উল্টো আকরামেরই পক্ষ নিয়েছিল। পাকিস্তানের সাবেক অধিনায়ককে দেশের গর্ব ও জাতীয় নায়ক হিসেবে অভিহিত করে পুরো ঘটনাটিকে ভুল-বোঝাবুঝি বলেছেন তিনি। আকরামের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখাও করতে চান এই সাবেক সেনা কর্মকর্তা। ডন।