তাহলে কি ইউরোপীয় ফুটবলে আবার উঠে আসছে ইতালির দলগুলো? চ্যাম্পিয়নস লিগে জুভেন্টাস, এসি মিলানের উতরে যাওয়ার পর এবার ইউরোপা লিগেও দারুণ একটা রাত গেল ইতালিয়ানদের জন্য। ইন্টার মিলান, লাৎসিও ও নাপোলি উঠে গেছে ইউরোপা লিগের শেষ বত্রিশে। নাপোলি অবশ্য আগেই পরের পর্ব নিশ্চিত করে রেখেছিল, তাই পিএসভি আইন্দহোফেনের সঙ্গে ঘরের মাঠে ৩-১ গোলে হেরেও ক্ষতি হয়নি তাদের। আজারবাইজানের নেফচির সঙ্গে ২-২ গোলে ড্র করে ইন্টারও নিশ্চিত করেছে পরের পর্ব। তবে জিতেই শেষ বত্রিশে উঠেছে লাৎসিওই। স্লোভেনিয়ার ক্লাব মারিবরকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে সবার ওপর থেকেই নকআউট পর্বে গেল রোমের এই ক্লাব। নকআউট পর্বে উঠতে পারেনি শুধু উদিনেসে। এএফপি।