পড়ে পাওয়া সুযোগ কীভাবে কাজে লাগাতে হয়, সেটাই উদাহরণসহ বুঝিয়ে দিলেন ইমরান নাজির। ব্যক্তিগত এক রানে ক্যাচ তুলে দিয়েছিলেন শফিউল ইসলামের বলে। মিড অনে সরাসরি আবুল হোসেনের কাছে গিয়েছিল বল। সহজ ক্যাচ। কিন্তু নিতে পারলেন না আবুল। এরপর নাজির যা করলেন, তাকে তাণ্ডবই বলা যায়। শফিউলের পরের ওভারে মারলেন দুটো চার ও এক ছক্কা। ওই ওভারেই উঠল ২০ রান। ঝড়ের পূর্বাভাস! মাত্র ২৫ বলে ফিফটি। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্রুততম ফিফটি এটাই। সেই আবুলই ফেরালেন তাঁকে। ১৪তম ওভারের তৃতীয় বলে। ক্যাচ নিতে এবার ভুল করলেন না বদলি ফিল্ডার ফরহাদ রেজা। কিন্তু ততক্ষণে সর্বনাশ যা হওয়ার হয়েই গেছে। ৩৬ বল খেলে দ্বিগুণ রান (৭২) করেছেন। ৯টি চার ছাড়াও আছে ৩টি ছক্কা। বাংলাদেশ যে তাঁর প্রিয় প্রতিপক্ষ, আরও একবার যেন মনে করিয়ে দিলেন নাজির।