সমালোচনা সবখানে, সবাইকে নিয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা হারে কাঠগড়ায় গোটা বাংলাদেশ দলই। বাদ নন দলের কোচ শেন জার্গেনসেনও। দলের ওপর তাঁর পূর্ণ কর্তৃত্ব নেই, খোদ বিসিবি থেকেই উঠছে এমন অভিযোগ।
কাল সকালে শেন জার্গেনসেনকে পাওয়া গেল টিম হোটেলের লবিতে। তাঁকে নিয়ে গুঞ্জরিত অভিযোগের প্রসঙ্গটা তুলতেই বললেন, ‘সবারই ব্যক্তিগত মতামত প্রকাশের স্বাধীনতা আছে। তবে কারও সম্পর্কে কিছু বলার আগে জেনে বলা ভালো।’ অধিনায়ক মুশফিকুর রহিমের সঙ্গে নিজের সম্পর্কটা তুলে ধরে বলেছেন, ‘সবার সঙ্গেই কাজের সম্পর্ক আমার। আমি আমার মত দিই, একইভাবে মুশফিকেরও নিজস্ব মতামত থাকে। জানি না মানুষ কী বলে, তবে আমি আমার শতভাগ দেওয়ার চেষ্টা করি। কেউ বললে বলতে পারে, এ নিয়ে কিছু বলার নেই।’
জার্গেনসেন দলে মুশফিক আর তাঁর কাজের ধরনটাও ব্যাখ্যা করেছেন, ‘মুশি (মুশফিক) ও আমি একসঙ্গে কাজ করি, একটা দল চালাচ্ছি। কোনো কোনো দিন আমাকেই বলতে হয়, ছেলেরা, এটা ঠিক হচ্ছে বা ওটা হচ্ছে না। কোনো কোনো দিন মুশফিক বলে। সাধারণত সে আমার কাছে মাঠের সমস্যাগুলো নিয়ে আসে, আমি মাঠের বাইরের ব্যাপারগুলো দেখি।’ কোচ হিসেবে নিজেকে সফলই মনে করেন জার্গেনসেন, ‘আমরা টেস্ট ক্রিকেটে উন্নতি করেছি, ওয়ানডে রেকর্ডও ভালো। টি-টোয়েন্টিতেও উন্নতির চেষ্টা করছি। শুধু টি-টোয়েন্টির ফলাফল দিয়েই সব বিচার করা ঠিক হবে না।’
সুপার টেনে বাংলাদেশ দল এরই মধ্যে ওয়েস্ট ইন্ডিজ, ভারত ও পাকিস্তানের কাছে হারলেও প্রথম পর্বের হংকং-ট্র্যাজেডিই বেশি পোড়াচ্ছে কোচকে। জার্গেনসেনকে সুপার টেনের পারফরম্যান্সে খুব বেশি অসন্তুষ্ট মনে হচ্ছে না, ‘দুর্ভাগ্যজনকভাবে এখানে প্রত্যাশা অনেক বেশি। ছেলেরা তাদের সাধ্যমতো চেষ্টা করেছে সেটা পূরণ করতে। তাদের প্রশংসা করতেই হবে। আমরা খুব কঠিন একটা গ্রুপে ছিলাম। পাকিস্তান, ভারত, ওয়েস্ট ইন্ডিজ—তিন দলই এর আগে এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে। এই ফরম্যাটে তারা ধারাবাহিকও। তাদের হারানোটা আমাদের জন্য কঠিন।’
তবে জার্গেনসেনও মনে করেন, সুপার টেনে অন্তত একটা ম্যাচ জিততে পারলে ভালো হতো। কোচের আশা, কাঙ্ক্ষিত সেই জয়টা আসতে পারে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষেও, ‘সব মিলিয়ে তাদের (অস্ট্রেলিয়া) অবস্থা আমাদের মতোই। তবে কার সঙ্গে খেলছি সেটা বড় কথা নয়। আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের প্রক্রিয়া ঠিক থাকাই বেশি জরুরি। সবচেয়ে গুরুত্বপূর্ণ টুর্নামেন্টটা ভালোভাবে শেষ করা।’ শেষ ম্যাচে বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতলে জার্গেনসেনের জন্য সেটা হবে অন্য এক অভিজ্ঞতা। তিনি নিজেও যে অস্ট্রেলিয়ান!