রেকর্ড কর্নার

ওভারে পাঁচ

এক ওভারে চার উইকেট নেওয়া অবশ্যই অনেক বড় কৃতিত্ব। তবে আরও একটি উইকেট নিতে পারলে রেকর্ডের এক অভিজাত ও সংক্ষিপ্ত তালিকায় ঢুকে যেতে পারতেন রবিউল ইসলাম। প্রথম শ্রেণীর ক্রিকেটে এক ওভারে ৫ উইকেট নিয়েছেন মাত্র পাঁচজন—নিউজিল্যান্ডে নিল ওয়েঙ্গার ও দক্ষিণ আফ্রিকার উইলিয়াম হেন্ডারসন; ইংল্যান্ডের বিল কপসন ও প্যাট পোকক এবং পাকিস্তানের ইয়াসির আরাফাত। ওয়েঙ্গারের কৃতিত্বটাই সর্বশেষ। ২০১১ সালে নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে ওয়েলিংটনের বিপক্ষে এক ওভারে পাঁচ ব্যাটসম্যান বধ করেছিলেন ওটাগোর হয়ে খেলা এই ফাস্ট বোলার। আরাফাতের কৃতিত্বটাও খুব বেশি দিন আগের নয়। ২০০৪ সালে কায়েদে আজম ট্রফিতে ফয়সালাবাদের বিপক্ষে এই রেকর্ড গড়েন রাওয়ালপিন্ডির হয়ে খেলা আরাফাত।