‘তার ছন্দ লাগবে, ফর্ম ফিরে পেতে হবে। বাজে একটা (টি-টোয়েন্টি) বিশ্বকাপ গেছে তার।’
অ্যাশেজের আগে মিচেল স্টার্ককে নিয়ে বলেছিলেন শেন ওয়ার্ন। ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়া দলে লেগ স্পিন কিংবদন্তির প্রথম পছন্দ ছিলেন ঝাই রিচার্ডসন। অথচ সেই স্টার্কই শেষ পর্যন্ত সিরিজে নিয়েছেন ১৯ উইকেট, দুই দলের মধ্যে এর চেয়ে বেশি ২১টি উইকেট নিয়েছেন শুধু প্যাট কামিন্স। ওয়ার্নের সমালোচনার জবাব যদি কিছু দেওয়ার থাকে, স্টার্ক তো নিজের পারফরম্যান্সেই দিয়ে দিয়েছেন!
স্টার্ক অ্যাশেজে খেলেছেন পাঁচ টেস্টের সব কটিতে। টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের এ সদস্য গতকাল জিতেছেন অস্ট্রেলিয়ার ছেলেদের ক্রিকেটের বর্ষসেরার পুরস্কার অ্যালান বোর্ডার পদক। সতীর্থ মিচেল মার্শ (১০৬ ভোট) ও ট্রাভিস হেডকে (৭৬ ভোট) পেছনে ফেলে জিতেছেন ১০৭ ভোট পাওয়া স্টার্ক। সেখানেই সুযোগ পেয়ে ওয়ার্নের সমালোচনার জবাবটা মুখেও দিয়ে দিয়েছেন। জানিয়েছেন, ওয়ার্নের এসব কথাকে পাত্তা দেওয়ার মতো কিছু খুঁজে পাচ্ছেন না তিনি।
ব্রিসবেনে প্রথম টেস্টের প্রথম বলেই ররি বার্নসকে বোল্ড করে যেন অ্যাশেজের গতিপথটা ঠিক করে দিয়েছিলেন স্টার্ক। গ্যাবায় তাঁকে দলের নেওয়ার পক্ষে না থাকা ওয়ার্ন ছিলেন সে সময় ফক্স স্পোর্টের ধারাভাষ্যে। তবে বাঁহাতি ফাস্ট বোলারের অমন ডেলিভারির চেয়েও ব্যাটসম্যানের ভুলকেই বড় করে দেখেছিলেন ওয়ার্ন, ‘এটা লেগ স্টাম্পের ওপর হাফ ভলি। অজিদের দারুণ শুরু, মিচেল স্টার্কেরও। কিন্তু একজন ওপেনার হিসেবে আপনার এ শটটা খেলা উচিত।’
বার্নসকে বেসামাল করে দেওয়া সে বলে মুভমেন্ট ছিল না, এমনও দাবি করেছিলেন ওয়ার্ন, ‘বাঁহাতি হিসেবে এমন একটা হাফ ভলি মিস করা উচিত নয় আপনার। আমার মনে হয় না কোনো সুইং ছিল বলটায়। কোনোই সুইং নেই!’
অ্যালান বোর্ডার পদক জেতার পর বার্নসকে করা ওই ডেলিভারি নিয়ে প্রশ্ন করা হলে ইঙ্গিতে ওয়ার্নকে প্রথমে খোঁচা দিয়েছেন স্টার্ক, ‘কী যেন ছিল বলটা? আমার তো মনে হয় কেউ বলেছিল, এটা সোজাসুজি একটা হাফ ভলি ছিল, লেগ স্টাম্পের ওপর।’
স্টার্কের এমন ইঙ্গিতের পর সরাসরিই ওয়ার্নের সমালোচনা নিয়ে জানতে চাওয়া হয়েছিল স্টার্কের কাছে। তবে উত্তরসূরির এমন কথাকে পাত্তা না দেওয়ার ব্যাপারটা সরাসরিই জানিয়েছেন তিনি, ‘আমার কোনো আগ্রহ নেই এসবে। তিনি তাঁর মত দিতেই পারেন।’
ওয়ার্নের সঙ্গে এ ব্যাপারে কথা হয়েছে কি না, এর জবাবে উল্টা স্টার্ক বলেছেন, ‘তাঁর সঙ্গে কোন ব্যাপারে কথা বলব আমি?’
আপাতত নিজের ক্রিকেট নিয়েই ব্যস্ত থাকতে চান স্টার্ক, ‘যেভাবে ভালো লাগে, সেভাবেই ক্রিকেটটা খেলে যেতে চাই। আমার পাশে পরিবারের সমর্থন আছে। আমার অনেক কাছের কয়েকজন বন্ধুর সঙ্গে খেলার সুযোগ পাচ্ছি আমি। ফলে যা আছে, সেসব নিয়েই খুশি।’
অবশ্য সাম্প্রতিক সাফল্যের আগে স্টার্কের মাঠে বা মাঠের বাইরের সময়টা ভালো যাচ্ছিল না। ব্যক্তিগত ঝামেলার কারণে ক্রিকেটের প্রতিই অনীহা চলে এসেছিল তাঁর, ‘গত বছরটা মাঠের ভেতর-বাইরে কঠিন ছিল। যেভাবে খেলতে চাই, পারিনি। কোনো কোনো পর্যায়ে তো ক্রিকেট খেলার ইচ্ছাই করছিল না।’