আগের চার আসরের দুটিতেই ফাইনাল এবং দুবারই ব্যর্থ! ২০০৯ ফাইনালে স্বপ্ন ভেঙে দিয়েছিল পাকিস্তান, ২০১২ সালে স্বপ্নভঙ্গের কারণ হলেন স্যামুয়েলস ও নারাইন। এই দুই আসরের মাঝে ২০১০ সালে সেমিফাইনালেও খেলেছে শ্রীলঙ্কা। সেবার তাদের পথচলা থামিয়ে দিয়েছিল ইংল্যান্ড। শ্রীলঙ্কা কি টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘চোকার’?
এভাবে না দেখে অন্যভাবেও দেখা যায়। আগের চারবারের মধ্যে দুবার ফাইনাল, একবার সেমিফাইনাল। তার মানে এই সংস্করণের বিশ্ব আসরে শ্রীলঙ্কা বরাবরই ‘হট ফেবারিট’। সেটা ইংল্যান্ডে হোক, ওয়েস্ট ইন্ডিজে কিংবা নিজের দেশের চেনা কন্ডিশনে।
নিজের দেশ নয়, কিন্তু ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের চেয়ে বাংলাদেশের কন্ডিশনটা একটু বেশিই চেনা শ্রীলঙ্কার। সেটা এবার আরেকটু বেশি কারণ দ্বিপক্ষীয় সিরিজ এবং এশিয়া কাপ মিলে গত আড়াই মাসে বাংলাদেশকেই প্রায় ‘হোম গ্রাউন্ড’ বানিয়ে নেওয়া। এই সময়ে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে এখানে ১২টি ম্যাচ খেলেছে শ্রীলঙ্কা, কোনো হার নেই, আছে টানা দশটি জয়। দেশে ফিরে সেই সাফল্য উদ্যাপন করে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আবার ফিরে এসেছে শ্রীলঙ্কা। টি-টোয়েন্টি অধিনায়ক দিনেশ চান্ডিমালের কাছে আগের সফরের স্মৃতিটা এখনো টাটকা, ‘কিছুদিন আগেই আমরা আড়াই মাস এখানে কাটিয়ে গেছি। সুতরাং উইকেট কেমন আচরণ করে, শিশির কতটা ভূমিকা রাখে—এসব নিয়ে আমাদের ভালোই ধারণা হয়েছে। আশা করছি, এই অভিজ্ঞতা বিশ্বকাপে কাজে লাগবে।’
আগেরবার আসা এবং এই আসার মধ্যে অবশ্য একটু পার্থক্য আছে। বেতন-ভাতা নিয়ে বোর্ডের সঙ্গে ঝামেলা চলছিল আগে থেকেই। সেটা এতটাই প্রকট হয়ে উঠেছিল যে বোর্ডের সঙ্গে চুক্তি সই করতে অস্বীকৃতি জানিয়েছিলেন খেলোয়াড়েরা। অনড় শ্রীলঙ্কান বোর্ডও হুমকি দিয়েছিল, দরকার হলে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাঠানো হবে দ্বিতীয় সারির দল। ঝামেলাটা মিটমাট হয়নি, তবে আপাতত সেটা পাশে সরিয়ে রেখে দেশের হয়ে খেলাটাকেই প্রাধান্য দিয়েছেন সাঙ্গাকারা-ম্যাথুস-জয়াবর্ধনেরা। পুরো ব্যাপারটা নিয়ে দলের মধ্যে যে অস্থিরতার চোরাস্রোত বইছে, সেটা বোঝা গেল কাল শ্রীলঙ্কান অধিনায়কের কথায়। বোর্ডের সঙ্গে এমন মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে মাঠে পারফর্ম করা কতটা কঠিন—এমন প্রশ্নে চান্ডিমাল নিরুত্তর রইলেন সংবাদ সম্মেলনে। এটা শ্রীলঙ্কার ছন্দ নষ্ট করে দেবে কি না, খানিক পর ঘুরিয়ে জানতে চাইলে আশঙ্কাটা উড়িয়ে দিলেন শ্রীলঙ্কান অধিনায়ক, ‘আমরা কোনো চাপে নেই। এশিয়া কাপ জেতার পর আমাদের আত্মবিশ্বাস দারুণ। র্যাঙ্কিংয়ে আমরা টি-টোয়েন্টির ১ নম্বর দল। দলের বেশির ভাগ খেলোয়াড় দারুণ ফর্মে আছে। আমরা শিরোপা নিয়েই ফিরে যেতে চাই।’
অধরা শিরোপার এই মিশনে শ্রীলঙ্কাকে এবার সুবিধাজনক অবস্থানেই ধরে নিতে হবে। উপমহাদেশের কন্ডিশনটা আরও যাদের ভালো চেনা, সেই ভারত-পাকিস্তানের কোনোটিই নেই তাদের গ্রুপে। নেই স্বাগতিক বাংলাদেশও।