এবার বক্সিং ডেতে ইংলিশ প্রিমিয়ার লিগের সাত ম্যাচে গোল হয়েছে মাত্র ১৩টি। গড়ে প্রতি ম্যাচে দুইটিরও কম। এই ১৩ গোলের পাঁচটি করেছে আবার ম্যানইউ একাই। বক্সিং ডেতে সবচেয়ে বেশি গোল হওয়ার রেকর্ডটি বেশ পুরোনো। ১৯৬৩ সালে হয়েছিল রেকর্ডটি। সেবার বোধ হয় ক্রিসমাসে একটু বেশিই উৎসবে মেতেছিলেন গোলরক্ষকেরা। তাই পরের দিন ১০ ম্যাচে ৬৬টি গোল হজম করতে হয়েছিল তাদের। ইংল্যান্ডের শীর্ষ লিগ এক দিনে সবচেয়ে বেশি গোল দেখেছে ওই দিনই। গোল-উৎসবের ওই দিনটায় তিনজন করেছিলেন চারটি করে গোল। হ্যাটট্রিক পেয়েছিলেন আরও তিনজন।