রেকর্ড কর্নার

ঘরোয়া কাপে

ইউরোপিয়ান ফুটবল সংস্থা উয়েফার মাত্র একটি সদস্যদেশেই লিগ হয় না। পুঁচকে সেই দেশ লিখটেনস্টেইনের সবচেয়ে বড় টুর্নামেন্টের নাম লিখটেনস্টেইনার কাপ। সেই কাপ জিতেই গত বৃহস্পতিবার বিশ্ব রেকর্ড ছুঁয়ে ফেলল এফসি ফাদুৎস। প্রতিবেশী সুইজারল্যান্ডে লিগ খেলা এই ক্লাব ৪২তম বারের মতো লিখটেনস্টেইনার কাপ জিতে ছুঁয়েছে উত্তর আয়ারল্যান্ডের লিনফিল্ড এফসির কীর্তি। লিনফিল্ড আইরিশ কাপ জিতেছে ৪২ বার। সবচেয়ে বেশি ঘরোয়া কাপ জয়ের এই তালিকায় এরপরই আছে স্কটল্যান্ডের সেল্টিকের নাম। ৩৬ বার স্কটিশ কাপ জিতেছে গ্লাসগোর ক্লাবটি। ৩৫টি কাপ জিতে তিনে মিসরের আল আহলি। চারে আরেক স্কটিশ ক্লাব গ্লাসগো রেঞ্জার্স (৩৩টি)। কাপ জয়ে এশিয়ার সেরা ক্লাব মালয়েশিয়ার সেলাঙ্গর (৩১) আছে এরপরই।