বাংলাদেশের জন্য টেস্ট জয়টা মনে হয় মোটামুটি চার বছরের চক্রে বাঁধা! ২০০০ সালের নভেম্বরে টেস্ট অভিষেক। ২০০৫ সালের জানুয়ারিতে প্রথম টেস্ট জয়। প্রথম জয়ের দেখা পেতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছিল ৪ বছর ২ মাস। জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রামে পাওয়া সেই জয়ের আগে বাংলাদেশ খেলে ফেলেছিল ৩৪ টেস্ট। হারতে হয়েছিল যার ৩১টিতেই। টেস্টে দ্বিতীয় জয়ের দেখা পেতে অপেক্ষায় কেটেছে সাড়ে চার বছর। দ্বিতীয় ও তৃতীয় জয়ের মাঝখানে অবশ্য মাত্র কয়েকটা দিন। ২০০৯ সালের ওয়েস্ট ইন্ডিজ সফরে সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডায় টানা দুই টেস্ট জয়। এরপর আবার প্রায় চার বছরের (৩ বছর ৯ মাস) অপেক্ষা। মাঝখানে ১৭ টেস্ট পর ৭৯তম টেস্টে বাংলাদেশ পেল চতুর্থ জয়।