জরিমানা

রেফারির সমালোচনা করে কতবার জরিমানা গুনেছেন হোসে মরিনহো? টাকার অঙ্কটাই বা কত? চেলসি কোচ নিজেই হিসাব রেখেছেন কি না সন্দেহ। যদি রেখে থাকেনও, সেই ‘রেকর্ড’টা আরও সমৃদ্ধই হলো। সান্ডারল্যান্ডের বিপক্ষে ম্যাচের ঘটনায় মরিনহোকে ১০ হাজার পাউন্ড জরিমানা করেছে এফএ। পরশু আরও একটা দুঃসংবাদ পেয়েছেন মরিনহো। মার্চে অ্যাস্টন ভিলার ম্যাচে রেফারি ক্রিস ফয়ের সমালোচনা করে পাওয়া জরিমানার বিরুদ্ধে তাঁর আপিলটি প্রত্যাখ্যাত হয়েছে। ১৯ এপ্রিল বিতর্কিত পেনাল্টি গোলে সান্ডারল্যান্ডের কাছে শেষ হয় চেলসির শিরোপা-স্বপ্ন। রেফারিকে ধুয়ে দেন মরিনহো। রেফারির দিকে ধেয়ে যাওয়ায় তাঁর সহকারী রুই ফারিয়া নিষিদ্ধ হয়েছেন ছয় ম্যাচ। এএফপি।