দিনের শেষ ইভেন্ট তখনো বাকি। পুলের এক পাশে একদল সমর্থক ‘সেনাবাহিনী, সেনাবাহিনী’ বলে উল্লাস করছিল। সেই ১৯৮৭ সালের পর এবারই প্রথম জাতীয় সাঁতারে চ্যাম্পিয়ন হলো সেনাবাহিনী। ১২টি সোনা, ১৫টি রুপা ও ৮টি ব্রোঞ্জ জিতেছে তারা। ১০টি সোনা, ১২টি রুপা ও ১৬টি ব্রোঞ্জ জিতে রানারআপ বিকেএসপি। তৃতীয় হওয়া নৌবাহিনী জিতেছে ১০টি সোনা, ৬টি রুপা ও ৩টি ব্রোঞ্জ। প্রথম দিনের পর কালও রেকর্ড গড়েছেন সেনাবাহিনীর সাঁতারু জুয়েল আহমেদ। ৬টি সোনা, ১টি রুপা ও ১টি ব্রোঞ্জ জিতে পুরুষ বিভাগে সেরাও আমলার এই তরুণ। মেয়েদের বিভাগে সেরা আনসারের সোনিয়া আক্তার জিতেছেন ৪টি সোনা, ২টি রুপা ও ১টি ব্রোঞ্জ। পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান সিটিসেল দুটি রেকর্ডের জন্য জুয়েলকে ২০ হাজার টাকা আর্থিক পুরস্কার দিয়েছে। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল জহিরউদ্দিন আহমেদ।