জেসন-ডেসকাটের ব্যাটে চিটাগংয়ের ১৯৩

জেসন রায়ের ৫৫ বলে অপরাজিত ৯২ রান। রায়ান টেন ডেসকাটের ৩৯ বলে ৬৫ রান। এই দুই ব্যাটসম্যানের ব্যাটে চড়ে ৩ উইকেটে ১৯৩ রানের বড় সংগ্রহ গড়েছে চিটাগং কিংস।আজ বিপিএলের প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় দুরন্ত রাজশাহী। দলীয় মাত্র ৫ রানে প্রথম উইকেট হারায় চিটাগং। তবে এরপরই ঘুরে দাঁড়ায় ব্রেন্ডন টেইলরের দল। চার-ছয়ের ফুলকি ছিটিয়ে রাজশাহীর বোলারদের অসহায় করে তোলেন জেসন ও ডেসকাট। উদ্বোধনী ব্যাটসম্যান নাঈম ইসলাম রানের খাতা খুলতে পারেননি। অধিনায়ক টেইলর করেন ৩০ রান। তৃতীয় উইকেটে চিটাগংকে ১১৭ রান এনে দেন জেসন ও ডেসকাট। ডেসকাট রানআউট হন ইনিংসের শেষ বলে। এ ম্যাচের আগ পর্যন্ত ১০ ম্যাচে চিটাগংয়ের অর্জন ১০ পয়েন্ট। বিপিএলের পয়েন্ট তালিকায় দলটির অবস্থান তৃতীয়। অন্যদিকে ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে রাজশাহীর অবস্থান পঞ্চম।