ইউরো, বিশ্বকাপ, আবার ইউরো। টানা তিনটি বড় টুর্নামেন্ট জয়ের সামনে দাঁড়িয়ে স্পেন। বলা হচ্ছে, অন্য কোনো দল টানা তিনটি বড় টুর্নামেন্ট জিততে পারেনি। অলিম্পিককে বাদ দিলে তথ্যটি ঠিক আছে। এখন অনূর্ধ্ব-২৩ দলের টুর্নামেন্ট হলেও একসময় অলিম্পিকই নির্ধারণ করে দিত বিশ্বসেরা। সে হিসেবে ১৯২৪ ও ১৯২৮ অলিম্পিকে সোনা জেতার পর ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপ জেতা উরুগুয়ে এবং ১৯৩৪ ও ১৯৩৮ বিশ্বকাপ জয়ের মাঝে ১৯৩৬ অলিম্পিক জেতা ইতালি আছে সবার ওপরে। স্পেনের মতোই টানা তিনটি ফাইনাল খেলেছে তৎকালীন পশ্চিম জার্মানিও (১৯৭২ ইউরো, ১৯৭৪ বিশ্বকাপ ও ১৯৭৬ ইউরো)। তবে রেকর্ডটি বিশ্বকাপ ও কোপা আমেরিকা মিলিয়ে টানা পাঁচটি ফাইনাল খেলা ব্রাজিলের। ১৯৯৪ বিশ্বকাপ থেকে ১৯৯৯ কোপা আমেরিকা পর্যন্ত পাঁচটি ফাইনাল খেলেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।