রেকর্ড কর্নার

ডাবল ডাবল

বছরের শুরুতেই ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে দুটি ২০০ ছাড়ানো ইনিংস। এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা দুটি ডাবল সেঞ্চুরি। মাত্র তৃতীয় ব্যাটসম্যান হিসেবে কমপক্ষে দুটি সিরিজে দুটি করে দুই শ ছাড়ানো ইনিংস খেললেন মাইকেল ক্লার্ক। অস্ট্রেলীয় অধিনায়ক এ ক্ষেত্রে ডন ব্র্যাডম্যান ও ওয়ালি হ্যামন্ডের উত্তরসূরি। সিরিজে দুই ডাবল সেঞ্চুরির কীর্তি চারবার করেছেন স্যার ডন। ১৯৩০ সালের অ্যাশেজে একটি ট্রিপলসহ তিনটি ২০০ ছাড়ানো ইনিংস খেলা ব্র্যাডম্যান এরপর ১৯৩১-৩২ মৌসুমে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এবং ১৯৩৪ ও ১৯৩৬-৩৭ মৌসুমের অ্যাশেজেও খেলেছিলেন দুটি করে দুই শ ছাড়ানো ইনিংস। ইংল্যান্ডের হ্যামন্ড ১৯২৮-২৯ সালের অ্যাশেজে ও ১৯৩২-৩৩ মৌসুমে নিউজিল্যান্ডের বিপক্ষে করেছিলেন এই কীর্তি।