খেলার খুচরো

তাঁরা দুজন

‘আরে, এখন তো তোমার চুলই নেই!’— বন্ধু রোনালদিনহোকে মজা করে কথাটা বলেছেন আন্দ্রেস ইনিয়েস্তা। পরশু স্প্যানিশ দৈনিক দেপোর্তিভো মুন্দোর বর্ষসেরা পুরুষ খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন ইনিয়েস্তা। সাবেক বার্সা সতীর্থ রোনালদিনহো পেয়েছেন আজীবন সম্মাননার পুরস্কার। দুজনের এই ছবিটা পরে টুইটারে ইনিয়েস্তাই পোস্ট করেছেন।
চলে গেলেন ইসরার
নিভৃতেই চলে গেলেন ইসরার আলী। পাকিস্তানের সবচেয়ে বয়স্ক টেস্ট ক্রিকেটার পরশু ৮৮ বছর বয়সে মারা গেছেন। জীবনের শেষ সময়টা পাঞ্জাবের প্রত্যন্ত শহর ওকারায় কাটানো ইসরার খেলেছেন পাকিস্তানের অভিষেক টেস্টে। ১৯৫২ সালে ভারতের বিপক্ষে দিল্লির ওই ম্যাচসহ মাত্র চারটি টেস্ট খেলেছেন এই অলরাউন্ডার, যার শেষ দুটি ১৯৫৯ সালে। জাতীয় দলের হয়ে এত কম ম্যাচ খেলার দায়টা অবশ্য পাকিস্তানের প্রথম অধিনায়ক আবদুল হাফিজ কারদারের ওপর চাপাতেন ইসরার। কারদারের সঙ্গে সম্পর্কটা ভালো ছিল না তাঁর। ক্রিকইনফো।