গত সেপ্টেম্বরে ইন্দোনেশিয়ায় ইসলামিক সলিডারিটি গেমসে রুপা জিতেছিলেন। সেই সুখস্মৃতি সঙ্গে নিয়ে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে খেলতে আগামী পরশু তাইওয়ান যাচ্ছেন ইমদাদুল হক মিলন। ২৯ অক্টোবর-২ নভেম্বর তাইপের সংসানে হবে ১৮তম এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ। ইমদাদুল ছাড়াও বাংলাদেশ দলে খেলবেন রোমান সানা, দুরুল হুদা ও মাথুই প্রু মারমা।
একই ভেন্যুতে হবে আগামী বছরের যুব অলিম্পিক গেমসের কন্টিনেন্টাল বাছাইপর্ব। এতে খেলবেন প্রেননয় মুরং ও হিরামনি। বান্দরবানের কোয়ান্টাম কসমো স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র প্রেননয় ছোটবেলায় গুলতি দিয়ে ঘুঘু শিকার করত। তির-ধনুকের খেলাটা তাই ভালোই উপভোগ করছে এই কিশোর। প্রেননয়কে নিয়ে দারুণ আশাবাদী কোচ নিশীথ দাস।
আগামী ২০১৭ এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ হবে ঢাকায়।