তিন ম্যাচ, তিনটি দুর্দান্ত গোল। তারকা থেকে মহাতারকা হওয়ার পথে নেইমার প্রথম পা ফেললেন কনফেডারেশনস কাপেই। তিন ম্যাচেই গোল করে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নাম লিখিয়েছেন ঝলমলে এক তালিকায়। তালিকাটা কন-ফেডারেশনস কাপের গ্রুপ পর্বের সবগুলো ম্যাচে গোল পাওয়াদের। যেখানে নেইমারের আগে নাম উঠেছে মাত্র তিনজনের। ১৯৯৯ সালে ‘বি’ গ্রুপের তিন ম্যাচে জার্মানি, যুক্তরাষ্ট্র ও নিউজিল্যান্ডের বিপক্ষে একটি করে গোল করা নেইমারের পূর্বসূরি রোনালদিনহো সেমিফাইনালেও গোল পেয়েছিলেন। ২০০৫-এ রোনালদিনহোকে অনুসরণ করেন আর্জেন্টিনার হুয়ান রোমান রিকেলমে। এরপর স্পেনের ডেভিড ভিয়াও গ্রুপ পর্বে টানা তিন ম্যাচে গোল করেন ২০০৯ টুর্নামেন্টে।