—অবশেষে আফগানিস্তানকে হারালেন। রাতে ঘুম কেমন হলো?
বাংলাদেশ দলের জনৈক খেলোয়াড়: খুব ভালো। মনে হচ্ছে ছয় রাতের ঘুম এক রাতে ঘুমিয়ে নিয়েছি। শান্তিমতো ঘুমাতে পারিনি এত দিন। চারদিকে একটাই শব্দ—আফগানিস্তান, আফগানিস্তান! এভাবে ভালো লাগে, বলেন?
—কিন্তু দলের সবাই যে বলে, আফগানিস্তান নিয়ে নাকি কোনো টেনশনই ছিল না!
জনৈক খেলোয়াড়: ঠিকই তো। আফগানিস্তানকে নিয়ে আবার কিসের টেনশন? আমরা এত দিন ধরে ক্রিকেট খেলছি ওদের নিয়ে টেনশন করার জন্য? কিন্তু গত কয়েক মাসে সবাই এত বেশি আফগানিস্তান, আফগানিস্তান করেছে যে বিরক্ত হয়ে গেছি। ওদের ভালোভাবে হারিয়ে ঝামেলা শেষ করে দিলাম। সে জন্যই শান্তিতে ঘুমালাম কাল (পরশু) রাতটা।
কে এই ‘খেলোয়াড়’, যিনি অমন ফুঁ দিয়ে উড়িয়ে দিলেন মোহাম্মদ নবীর দলকে? উত্তরটা চাইলে দেওয়া যায়। কিন্তু না দিলেই বা কী! আপনি ইচ্ছেমতো ওখানে বাংলাদেশ দলের যেকোনো ক্রিকেটারের নাম বসিয়ে নিতে পারেন। বহুল আলোচিত আফগানিস্তান দল নিয়ে এমন মত দলের সব ক্রিকেটারেরই।
আফগানিস্তানের বিপক্ষে জয়টা বাংলাদেশ দলের কাছে একটা স্বাভাবিক ঘটনা। পরশু ম্যাচ শেষে মাঠ থেকেই সোজা বিমানবন্দর হয়ে চট্টগ্রামে। ওই ম্যাচ বা ওই জয় নিয়ে তাই দলের মধ্যে বিশ্লেষণমূলক কোনো আলোচনার সুযোগ হয়নি। আলোচনা হয়নি কালও। আফগানিস্তান ম্যাচের পর প্রথম টিম মিটিংটা হওয়ার কথা আজ। সেখানেও অচেনা নেপাল দলকে নিয়েই বেশি আলোচনা হওয়ার কথা। এই ম্যাচটা জিতলেই যে সুপার টেনে যাওয়ার সম্ভাবনাটা স্পষ্ট হয়ে উঠবে!
দলের সবার চোখই আসলে এখন একটা দিকে—সুপার টেন। সুপার টেন বা বিশ্বকাপের দ্বিতীয় পর্বে খেলার লক্ষ্য শুরু থেকেই থাকলেও আফগান-আলোচনার নিচেই সেটি এত দিন চাপা পড়ে ছিল। আফগান-অস্বস্তি দূর না করে কেউ আগ বাড়িয়ে দ্বিতীয় পর্বের প্রসঙ্গ টানেনি। কিন্তু পরশু রাতে সেই দেয়াল যেন ভেঙে গেছে। আজ নেপাল ও পরশু হংকংয়ের বিপক্ষে ম্যাচ দুটিকে মনে করা হচ্ছে আনুষ্ঠানিকতা। সুপার টেন এখন বাংলাদেশ দলের দৃষ্টিসীমায়।
কাল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে অধিনায়ক মুশফিকুর রহিম সরাসরিই বলে দিলেন, ‘দলটা এখন দারুণ ভারসাম্যপূর্ণ। আমরা চাই কালকের (আজ) ম্যাচটা জিতে সুপার টেনের দিকে এগিয়ে যেতে। পুরো মনোযোগ এখন কালকের (আজ) ম্যাচের দিকে।’
এর আগে সকালে টেলিফোনে কথা হচ্ছিল আফগানিস্তানের বিপক্ষে জয়সূচক ছক্কা মারা এনামুল হকের (বিজয়) সঙ্গে।
—ছক্কা মেরে জেতার পর ব্যাট ছুড়ে খুব উল্লাস করলেন। শেষ পর্যন্ত জয় পাওয়ার আনন্দটা তো দারুণই ছিল...
এনামুল: আমরা ঠিকই ছিলাম। কখনোই মনে হয়নি এ ম্যাচে হারব। তার পরও এ নিয়ে এত কথা হচ্ছিল যে বলার বাইরে। সে জন্যই...।
—ম্যাচটা জেতার পর দলের মানসিক অবস্থা এখন কেমন?
এনামুল: আমরা যেটা করেছি, আমাদের কাছে সেটাই প্রত্যাশিত ছিল। তবে হ্যাঁ, এই ম্যাচে ভুল করলে আবারও সমস্যা হতে পারত। কিন্তু আমরা ম্যাচটা যেভাবে খেলা দরকার সেভাবে খেলেই জিতেছি। এখন আমাদের একটাই লক্ষ্য, দ্বিতীয় পর্বে ওঠা।
আফগান-ম্যাচে অনেক ব্যক্তিগত অর্জনের মধ্যে সবচেয়ে বড় বোধহয় আবদুর রাজ্জাকের নিজেকে ফিরে পাওয়া। ফর্ম খারাপ যাচ্ছিল। এশিয়া কাপে এমন তিক্ত অভিজ্ঞতায় মানসিকভাবেও কিছুটা ধাক্কা খেয়েছেন। কাল প্রসঙ্গটা তুললে অভিজ্ঞ এই বাঁহাতি স্পিনার যেন আবার লজ্জা পেলেন, ‘অন্যরা কী বলল তা না, আমিও মনে করি ভালো খেলেই আমাকে দলে থাকতে হবে। ভালো না খেললে নিজের কাছে এমনিতেও খারাপ লাগে। এরপর যখন সেটা মানুষের মুখ থেকেও শুনি, তখন তো লজ্জাই লাগে।’ আফগানিস্তান ম্যাচে হয়তো সে লজ্জাটাই পরিণত হয়েছিল জেদে। যদিও রাজ্জাক কথাটা বললেন একটু ঘুরিয়ে, ‘জেদ একটা তো ছিলই। জেদ ছিল, যেভাবেই হোক ম্যাচটা জিততে হবে। সে জন্য আমারও কিছু দায়িত্ব থাকে। আমি সেটাই পালন করার চেষ্টা করেছি। সবাই এখন অনেক খুশি। দলে গুমোট ভাবটা আর নেই। তবে এখানেই থেমে না থেকে আমাদের আরও অনেক দূর যেতে হবে।’
অনেক দূর মানে কত দূর? লক্ষ্যটা আপাতত পরিষ্কারভাবেই সুপার টেন। দলের নবীনতম সদস্য সাব্বির রহমান অবশ্য অত দূরে ভাবছেন না। আফগানিস্তান ম্যাচের জয়েই যেন এখনো রোমাঞ্চিত তিনি, ‘টুর্নামেন্টের প্রথম ম্যাচ বলে কিছুটা চাপ তো ছিলই আমাদের ওপর। প্রস্তুতি ম্যাচ দুটিতে জয় পাওয়ার পরই দলের পরিবেশ বদলে যায়। আত্মবিশ্বাস ফিরে আসে।’
প্রস্তুতি ম্যাচসহ গত তিন ম্যাচে ফিরে পাওয়ার ঘটনা অনেক। তবে সবচেয়ে বড় প্রাপ্তিটা মনে হয় জয়ের ধারা। দৃষ্টিসীমায় আসা সুপার টেনের সম্ভাবনাকে জাগ্রত রাখতে গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচেও জয়টা জরুরি।