শ্রীলঙ্কার বিপক্ষে শতক তুলে নেন লিটন। আজ আরও বড় ইনিংস খেলতে পারতেন
শ্রীলঙ্কার বিপক্ষে শতক তুলে নেন লিটন। আজ আরও বড় ইনিংস খেলতে পারতেন

নিজের ফর্মের রহস্য গোপন রাখলেন লিটন

‘লিটন দাসের এমন ফর্মের রহস্য কী?’

প্রশ্নটা শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গোকে জিজ্ঞেস করা হয়েছিল। ডমিঙ্গোর উত্তরে অবশ্য বড় কোনো রহস্য উন্মোচিত হয়নি। অনুশীলনের প্রক্রিয়ায় কিছু বদল এনেই লিটন নাকি এতটা সফল।

কিন্তু সেই প্রক্রিয়া কী? মিরপুর টেস্টের দ্বিতীয় দিন শেষে খোদ লিটনই সংবাদ সম্মেলনে আসায় প্রশ্নটা করার সুযোগ সাংবাদিকেরা পেয়েছেন।

কিন্তু লিটনের কথায় ‘বিশেষ কিছু’ পাননি সাংবাদিকেরা, ‘আপনারা ভালো বলতে পারবেন কী পরিবর্তন এসেছে। আমার কাছে মনে হয়, আমার অনুশীলনের প্রক্রিয়াটা বদলেছে।’ ফিরতি প্রশ্নে লিটনের কাছে ব্যাখ্যা জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘কীভাবে বিশ্লেষণ করব? আপনি তো বুঝবেনও না কোন অনুশীলন কেমন।’

অনুশীলনের ধরন পাল্টে সফলতা পেয়েছেন লিটন

লিটনের ডিফেন্সিভ শটে অবশ্য সাফল্যের রহস্য উদ্‌ঘাটনের চেষ্টা থেমে থাকেনি। অনুশীলন প্রক্রিয়া প্রসঙ্গে আরেক প্রশ্নের উত্তরে লিটন কোনো কিছুই পরিষ্কার করলেন না, ‘আমি কী করি আর কী করি না, এটা বলা খুব কঠিন এক জিনিস। আমার কাছে মনে হয়, আমার অনুশীলনের প্রক্রিয়া বদলেছে। সেটা আমি বলতে পারি। কিন্তু কী কী পরিবর্তন হয়েছে, বলতে পারব না। এই জিনিস আমার ভেতরে থাক।’

২০১৫ সালে টেস্ট অভিষেকের পর থেকেই লিটনের ব্যাটিং ছিল হতাশার আরেক নাম। গত দুই বছরে সেই ছবি পাল্টে গেছে। ২০২১ সাল থেকে এখন পর্যন্ত ১৩ ম্যাচের ২১ ইনিংসে ব্যাটিং করে ১ হাজার ১০০ রান করেছেন তিনি। লিটনের টেস্ট ক্যারিয়ারের ১২টি অর্ধশতকের ৭টিই এসেছে গত দুই বছরে। টেস্ট ক্যারিয়ারের ৩টি শতকও এসেছে এ সময়ে, গড় ৫২.৩৮।

এই সময়ে লিটন নিজেকে বিশ্বসেরা ব্যাটসম্যানদের কাতারে নিয়ে গেছেন। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের চলমান চক্রে লিটন তৃতীয় সর্বোচ্চ সংগ্রাহকের তালিকায় আছেন। এই চক্রে ৮ টেস্ট খেলে লিটন ৭৩০ রান করেছেন। জো রুট (১১৭৫) ও উসমান খাজা (৭৫১) আছেন শীর্ষ দুইয়ে।