বয়স হয়ে গেছে। চোখ কোটরাগত। আগের মতো শক্তি নেই গায়ে। কিন্তু ২০ বছর আগে যেভাবে ঘটা করে পালন করা হতো, পরশুও সেভাবে পালিত হলো ফাসু আতোয়াঁনের ৭৯তম জন্মদিন! কে এই ফাসু আতোয়াঁন? যখন যুবক ছিলেন, ফুটবল খেলতেন। গিনি থেকে পরিবার নিয়ে ফ্রান্সে পাড়ি জমানোর পর হয়ে যান স্থানীয় খুদে ফুটবলারদের কোচ। খুদে শিক্ষার্থীদের দলে ছিল তাঁর তিন ছেলেও। তাঁদেরই একজন পল পগবা। সারা জীবন ধরে যে আদর্শ, পারিবারিক মূল্যবোধে ছেলেদের বড় করেছেন, তারকা ফুটবলার হয়ে উঠলেও সেটি ধরে রেখেছে ছেলেরা। চোটের কারণে ফ্রান্স ও ক্লাব দল ইউনাইটেডের বাইরে পগবা। ছুটিটাকে কাজে লাগিয়েই ৭৯তম জন্মদিনে বাবাকে নিয়ে কেক কেটেছেন। সেই ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। দেখিয়েছেন, তারকাখ্যাতি, বিত্তবৈভবে বদল এলেও বদলায়নি তাঁর পিতৃভক্তি। ডেইলি মেইল।