প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে ৫০০০ রান মুশফিকের
প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে ৫০০০ রান মুশফিকের

টেস্টে ‘৫০০০’ ক্লাবে মুশফিকই প্রথম বাংলাদেশি

 মাইলফলকটা আগেই ছুঁতে পারতেন তামিম ইকবাল। গতকাল চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন ৮৫ রান করেই তিনি টেস্টে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন। পেছনে ফেলেছিলেন মুশফিকুর রহিমকে। তামিম এরপর পেয়েছেন দারুণ এক শতরান। কিন্তু নিজের ইনিংসটি অসম্পূর্ণ রেখেই ফিরতে হয়েছে তাঁকে। ১৩৩ রানের মাথায় হাতের পেশির চোটে তিনি অবসরে গিয়েছিলেন। অথচ নিজের সংগ্রহটাকে ১৫২ রানে নিতে পারলেই আরও বড় মাইলফলক নিজের করে নিতে পারতেন—প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে পাঁচ হাজার রান।

৮১ টেস্টে পাঁচ হাজার রান প ূর্ণ করলেন মুশফিক

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে প্রথম এক হাজার, দুই হাজার ও তিন হাজার রানের মালিক ছিলেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। ২০০২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক হাজার, ২০০৪ সালে একই প্রতিপক্ষের বিপক্ষে দুই হাজার এবং ২০০৮ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন হাজারি ক্লাবে জায়গা করে নেন বাশার।

এরপর চার হাজারি ক্লাবের দেখা পেতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয় দশটি বছর। ২০১৮ সালের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে চার হাজার রানের ক্লাবে নাম তোলেন তামিম ইকবাল। এর চার বছরের মাথায় শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ হাজারের দরজা খুললেন মুশফিক।

২০০৫ সালের মে মাসে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক মুশফিকের। ১৭ বছরের ক্যারিয়ারে টেস্ট খেলেছেন ৮১টি। ১৪৯ ইনিংস লেগেছে তাঁর পাঁচ হাজার রানের মাইলফলক ছুঁতে।

টেস্ট ক্রিকেটে ৭টি শতক মুশফিকের। অর্ধশতক ২৬টি। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ২১৯। ২০১৩ সালে গলে শ্রীলঙ্কার বিপক্ষে।

২০১৩ সালে গল টেস্ট বাংলাদেশকে প্রথম ডাবল সেঞ্চুরি উপহার দেন মুশফিকুর রহিম

টেস্ট ক্রিকেটে নিজ দেশের হয়ে পাঁচ হাজারি ক্লাবে নাম লেখানো ক্রিকেটারদের নাম দেখলে গর্বিত হওয়ারই কথা যে কারোর। ডন ব্র্যাডম্যান (অস্ট্রেলিয়া), জ্যাক হবস (ইংল্যান্ড), স্যার গ্যারি সোবার্স (ওয়েস্ট ইন্ডিজ), সুনীল গাভাস্কার, জহির আব্বাস (পাকিস্তান), অরবিন্দ ডি সিলভা (শ্রীলঙ্কা), গ্যারি কারস্টেন (দক্ষিণ আফ্রিকা), জন রাইট (নিউজিল্যান্ড)—এই নামগুলোর সঙ্গে রেকর্ড বইয়ে লেখা হয়ে গেল মুশফিকুর রহিমের নামও।

টেস্ট ক্রিকেটে জিম্বাবুয়ের কোনো ক্রিকেটারেরই ৫০০০ রান নেই। তাদের সর্বোচ্চ রান অ্যান্ডি ফ্লাওয়ারের—৪৭৯৪। প্রথম জিম্বাবুইয়ান হিসেবে পাঁচ হাজার রান থেকে ২০৬ দূরত্বেই যে স্বৈরশাসক রবার্ট মুগাবের বিরুদ্ধে গিয়ে ক্যারিয়ার শেষ হয়ে যায় তাঁর।