আলোচনা চলছিল, অনেকটা নিশ্চিতও হয়ে গিয়েছিল ব্যাপারটা। আনুষ্ঠানিক ঘোষণাটা এল কাল দুবাইয়ে আইসিসির নির্বাহী বোর্ডের সভায়। ২০১৪ সালে বাংলাদেশে অনুষ্ঠেয় টুর্নামেন্ট থেকেই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে ১৬ দল। আগামী সেপ্টেম্বরে শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে ১২ দল। ১০টি টেস্ট খেলুড়ে দেশের সঙ্গে বাছাইপর্বে খেলে আসা আয়ারল্যান্ড ও আফগানিস্তান। ৫০ ওভারের বিশ্বকাপে দল কমানোয় টি-টোয়েন্টি বিশ্বকাপে দল বাড়ানো হলো। ২০১৯ সাল থেকে ৫০ ওভারের বিশ্বকাপ হবে ১০ দলের। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব হবে ২০১৩ সালে, সংযুক্ত আরব আমিরাতে। আর বিশ্বকাপের বছরে দলগুলো সর্বোচ্চ ১৫টি টি-টোয়েন্টি খেলতে পারবে, অন্য বছরে যা ১২টি। ২০১৫ বিশ্বকাপের বাছাইপর্ব হবে ২০১৪ সালে, নিউজিল্যান্ডে। ওয়েবসাইট।