বিদেশি ফুটবলারদের জন্য সরকারের নির্দেশনা

আফ্রিকান ফুটবলারদের বাংলাদেশে প্রবেশে এবার কড়াকড়ি আরোপ করেছে সরকার। গত কয়েক দিনে ১২ জন আফ্রিকানকে ফেরত পাঠানো হয়েছে হজরত শাহজালাল বিমানবন্দর থেকে। এ বিষয়ে তিন দিন আগে বাফুফেকে একটি চিঠি পাঠিয়েছেন বিশেষ পুলিশ সুপার (ইমিগ্রেশন) এ জেড এম নাফিউল ইসলাম। চিঠিতে এ বছর ঢাকায় বিদেশি ফুটবলার আনার ব্যাপারে বলা হয়েছে, বাংলাদেশ ভিসা নীতিমালা ২০০৬ ও সংশোধিত ভিসা নীতিমালা ২০০৭-এর আলোকে বিদেশি ফুটবলার আনতে সংশ্লিষ্ট ক্লাবের সুপারিশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মতি বাধ্যতামূলক। উল্লিখিত শর্তে বিদেশি খেলোয়াড়েরা সর্বোচ্চ ছয় মাসের খেলোয়াড় ভিসা নিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারবেন। ভ্রমণভিসায় এসে খেলোয়াড় হয়ে যাওয়া আইনগতভাবে অবৈধ। অর্থাৎ খেলোয়াড়দের ওয়ার্ক পারমিট লাগবে।