অন্যকলাম

বিমান ধরতে...

ইউরোপা লিগে ফেইনুর্ডের কাছে ১-০ গোলে হারের পর বেশ তাড়াহুড়া করেই রটারডাম ছেড়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে তাড়াহুড়ার মধ্যেও দেরি করে ফেলেছেন একজন। একটুর জন্য বিমানে ওঠাই হতো না তাঁর! পরে এক পুলিশ কর্মকর্তার মোটরসাইকেলে সওয়ার হয়ে হাওয়ার বেগে বিমানবন্দরে পৌঁছান এই ফুটবলার। রটারডাম পুলিশ ওই ফুটবলারের নাম না জানালেও জানিয়েছেন, কেন এতটা দেরি হয়েছে তাঁর। ম্যাচ শেষে ডোপ পরীক্ষা দিতে গিয়েছিলেন তিনি। কিন্তু পরীক্ষার জন্য প্রয়োজনীয় নমুনা দিতে গিয়েই ঝামেলা, কোনোভাবেই প্রস্রাব করতে পারছিলেন না! দেরি দেখে পুরো দল তাঁকে রেখেই বিমানে চড়ে বসে। কোনোক্রমে ‘দায়িত্ব’ সেরে দেখেন সতীর্থরা কেউই আশপাশে নেই। তখনই তাঁকে নিতে হয় পুলিশের জরুরি সহায়তা। গোলডটকম।