
মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের মাঝে বক্সিং রিং। তার ওপরে ঘুরছে বিভিন্ন রংয়ের আলো। মিউজিকের সঙ্গে লাল কার্পেট মাড়িয়ে হেঁটে রিংয়ে আসছেন বক্সাররা। ঘণ্টা বাজিয়ে শুরু হচ্ছে ম্যাচ। দেশের পেশাদার বক্সিং যুগের শুরুটা হলো এমন জাঁকালোই। যদিও সন্ধ্যা ছয়টার খেলা রাত সাড়ে সাতটার পরে শুরু হওয়ায় টুর্নামেন্টের পেশাদারত্বের পাশে বসে যায় বড় একটা প্রশ্নবোধক চিহ্ন।
বাংলাদেশ বক্সিং ফাউন্ডেশন আয়োজিত এক দিনের প্রতিযোগিতার নাম দেওয়া হয়েছে ‘সাউথ এশিয়ান প্রফেশনাল বক্সিং ফাইট নাইট—দ্য আলটিমেট গ্লোরি'। নামে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের ঝাঁজ থাকলেও টুর্নামেন্টে বাংলাদেশসহ অংশ নিয়েছে মাত্র তিনটি দেশ। মোট ১৪ জন প্রতিযোগীর মধ্যে বাংলাদেশের ১১ জন, নেপালের দুজন ও ভারতের একজন।
খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বড় নাম ছিল হার্শ গিল। ভারতের পাঁচবারের এই জাতীয় চ্যাম্পিয়ন পেশাদার বক্সিংয়ে ছয়টি ম্যাচ খেলে না হারার রেকর্ড নিয়ে বাংলাদেশে এসেছেন। প্রথমবারের মতো বাংলাদেশে এসেও সে রেকর্ড টিকিয়ে রাখলেন। ষষ্ঠ বাউটে রিংয়ে নেমে ক্রুসারওয়েট ক্যাটাগরিতে নকআউট করেছেন বাংলাদেশের হিরা মিয়াকে।
হরিয়ানার এই বক্সার বলেন, ‘এখন পেশাদার বক্সিংয়ের যুগ। ভারতে এর প্রচুর জনপ্রিয়তা আছে। এখানে প্রচুর অর্থ আয় করা যায় বলে আমি তো সেনাবাহিনীর চাকরিও ছেড়ে দিয়েছে। বাংলাদেশেও এই খেলাটির প্রচুর জনপ্রিয়তা পাওয়ার সুযোগ আছে।’
বাকি ছয়টি বাউটের মধ্যে একই ইভেন্টে আরও একটিতে হয়েছে নকআউট। ১ মিনিট ২০ সেকেন্ডে বাংলাদেশের রিজু মণ্ডলকে নকআউট করেছেন বাংলাদেশের জাহিদুল ইসলাম। অন্য বাউটগুলোতে জয় পেয়েছেন আমিনুল ইসলাম, উৎসব আহমেদ, আবু তালহা, আল আমিন ও শুরু কৃষ্ণ চাকমা।
প্রতিযোগিতার সবচেয়ে আকর্ষণীয় লড়াইটা হবে ওয়েল্টারওয়েট ক্যাটাগরিতে বাংলাদেশ গেমসে সোনাজয়ী আল আমিন ও নেপালের জাতীয় চ্যাম্পিয়ন ভারত চাঁদের মধ্যে, আশা করা হয়েছিল এমন। পঞ্চম বাউটে হয়েছেও তাই। জয়টা শেষ পর্যন্ত বাংলাদেশের আল আমিনের। ৪ রাউন্ডের হাড্ডাহাড্ডি লড়াইয়ে নেপালের প্রতিযোগীকে ৪০–৩৬ পয়েন্টে হারিয়েছেন তিনি। বাউট শেষে আল আমিন বলছিলেন, ‘আমাদের বক্সিংয়ে নতুন যুগ শুরু হলো আজ। সেটি জিতে শুরু করতে পেরেই বেশি ভালো লাগছে। ’
পেশাদার বক্সিংয়ের কথা শুনে স্টেডিয়ামে ছুটে এসেছিলেন ২০০১ সালে অনূর্ধ্ব–২১ দক্ষিণ এশিয়ান গেমসে বাংলাদেশের হয়ে সোনা জেতা বক্সার ইসরাফিল আলম। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর এই মেজর ১৯৯৭ সালে এ স্টেডিয়ামেই জাতীয় জুনিয়রে সোনা জিতেছিলেন। প্রায় ২৫ বছর পর এখানে এসে উচ্ছ্বসিত ইসরাফিল, ‘পেশাদার বক্সিংয়ের কথা শুনে এসেছি। এটা দেশের বক্সিংয়ের নতুন একটা দিগন্ত। আমাদের এখন সামনের দিকে তাকাতে হবে।’
পেশাদার যুগের শুরুতে আজ দর্শকদেরও খেলা দেখার জন্য গাঁটের পয়সা খরচ করতে হয়েছে। এক হাজার ও ১৩০০ টাকা মূল্যের টিকিটের ব্যবস্থা করেছিলেন আয়োজকেরা। প্রায় ৪০০-৫০০ দর্শক এসেছিলেন বক্সিং উপভোগ করতে। ছিলেন বিদেশি দর্শকও।