ফুটবল দিগন্তটাকে আরেকটু ছড়িয়ে দিল ফিফা। কাতারকে ২০২২ সালে ফুটবল বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব দিয়ে সমালোচনার মুখে পড়া বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফুটবলের আরেকটি বৈশ্বিক আসর আয়োজন করতে যাচ্ছে এশিয়ায়। পরশু ফিফা প্রেসিডেন্ট সেপ ব্ল্যাটার নিশ্চিত করেছেন ২০১৭ সালে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ হবে ভারতে। কলকাতা, দিল্লি, মুম্বাই, গৌহাটি, গোয়া, পুনে, বেঙ্গালুরু ও কোচিন; এই আট শহরের ছয়টিকে বেছে নেওয়া হবে ভেন্যু হিসেবে।
ভারতে খেলাটির এই বৈশ্বিক আয়োজন উপমহাদেশের ফুটবলেই জোয়ার আনবে বলে ভাবছেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি প্রফুল প্যাটেল, ‘এই মানের একটি টুর্নামেন্টের আয়োজন সাধারণ লোকজন ও তরুণদের মধ্যে ভারতীয় ফুটবলের মুখটা উজ্জ্বল করবে। এখন ভারতের নির্দিষ্ট কিছু অঞ্চলেই শুধু ফুটবল জনপ্রিয়। অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ হয়ে গেলে আমার দৃঢ় বিশ্বাস, রাতারাতিই ফুটবলের জনপ্রিয়তা বেড়ে যাবে।’
ফিফা-ব্ল্যাটারের ফুটবল দিগন্তে শুধু ভারতই নয়, জায়গা পেয়েছে জর্ডানও। পরশুই দেশটিকে ২০১৬ সালের মেয়েদের অনূর্ধ্ব-১৬ বিশ্বকাপের আয়োজনের দায়িত্ব দিয়েছে ফিফা। আরব দেশে মেয়েদের বিশ্বকাপ—ব্ল্যাটার বিপ্লবই ঘটিয়ে ফেললেন! এএফপি।