অপরাজিত থেকে মাঠ ছাড়ার পথে লঙ্কান খেলোয়াড়েরা অভিনন্দন জানান মুশফিককে
অপরাজিত থেকে মাঠ ছাড়ার পথে লঙ্কান খেলোয়াড়েরা অভিনন্দন জানান মুশফিককে

মুশফিকের কাছে হার মানছে সময়ও

এমপি থ্রি প্লেয়ারের কথা কজনের মনে আছে? কিংবা সিডি-ওয়াকম্যান?

গান শোনার জন্য ২০০৫ সালের দিকে এসবের চল ছিল। ইন্টারনেটও ছিল। কিন্তু ওয়াই–ফাই ছিল বলে মনে পড়ে না। মডেম ছাড়া ইন্টারনেট পাওয়া কঠিনই ছিল। আইফোন, অ্যান্ড্রয়েড তো দূরের কথা, কারও কাছে নকিয়ার মোবাইল ফোন থাকা মানেই তখন বড় ব্যাপার। ফেসবুক, ইনস্টাগ্রাম তো অনেক দূরের কথা।

বাংলাদেশের প্রেক্ষাপট যখন এমন, তখন টেস্ট ক্রিকেটে মুশফিকুর রহিমের টেস্ট অভিষেক হয়। মুশফিকের শুরুর সময়কার টেস্ট ক্রিকেটার খুঁজলে শুধু জিমি অ্যান্ডারসনকেই খুঁজে পাওয়া যাবে। পৃথিবীটা তখন থেকেই দ্রুততর হচ্ছে। প্রতিদিন যেন আগের দিনের চেয়ে একটু বেশি দ্রুত। কারও মনোযোগী হওয়ার সময় নেই! এক বসায় একটা বই কবে শেষ করেছেন মনে আছে? একটা সিনেমা এক বসায় শেষ করা হয়? মন দিয়ে গান শোনারও কি সময় হয়?

মানুষের ‘অ্যাটেনশন স্প্যান’ কমতে কমতে গোল্ডফিশের কাতারে নেমে এসেছে। আজকের পৃথিবীতে দ্রুততা প্রশংসিত ও পুরস্কৃত হয়। অফিসের অ্যাসাইনমেন্ট কে কত দ্রুত শেষ করবেন, কত দ্রুত এক জায়গা থেকে এক জায়গায় পৌঁছে যাবেন—প্রতিযোগিতা এখন এসবেরই।

ধৈর্যের প্রতিমূর্তি হয়ে ব্যাট করেছেন মুশফিক

জীবনের এসব খণ্ডচিত্রের সঙ্গে ক্রিকেটটাও মিলে যায় দারুণভাবে। তা না হলে টি-টোয়েন্টি এত জৌলুশ পায় কীভাবে? সময়ের দাবি মেটাতেই তো কুড়ি ওভারের খেলার জন্ম। দ্রুততায় ঠাসা জীবনে কার সময় আছে পাঁচ দিন বসে খেলা দেখার? তাই ক্রিকেটাররাও আজকাল বাজারের চাহিদা মেটাতেই নিজেদের গড়ছেন, ঝুঁকছেন টি-টোয়েন্টি ক্রিকেটে অর্থের ঝনঝনানিতে।

কিন্তু ২০২২ সালে এসেও মুশফিকের মতো কিছু ক্রিকেটার টেস্ট ক্রিকেট খেলছেন হৃদয় নিংড়ে। অনেকে টেস্ট খেলেন ওয়ানডে ও টি-টোয়েন্টির গতিতে। মুশফিককে নিয়েই দুটি উদাহরণ দেওয়া যায়। শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে তিনি ১০৫ রানের ইনিংসে ৪৪৯ মিনিট ব্যাটিং করেছেন। মিরপুর টেস্টে ১৭৫ রান করতে উইকেটে ছিলেন ৫২৬ মিনিট।

দুটি ইনিংসই মুশফিক খেলেছেন শম্বুকগতিতে। কোনো আগ্রাসন ছিল না। বোলারের ওপরও তিনি সেভাবে চড়াও হননি। কী ধীরস্থির ব্যাটিং, যেন ২২ গজে ধ্যানে বসেছেন। কোনো মোহই তাঁর ধ্যান ভাঙতে পারবে না। মিরপুর টেস্টের প্রথম সকালে যখন ২৪ রানে ৫ উইকেট পড়ে যায়, তখন ঘুরে দাঁড়ানোর জন্য হয়তো এমন দৃঢ়তাই প্রয়োজন।

মুশফিকের দৃঢ়তায় চ্যুতি ঘটাতে পারেনি কেউ

টেস্টের প্রথম দিন মুশফিকের সেই দৃঢ়তায় চ্যুতি ঘটাতে পারেনি কেউই। গতকাল সকালে বাংলাদেশের ওপর চড়ে বসা লঙ্কান বোলারদের তিনি মাটিতে মানিয়ে এনেছেন সারা দিনের নির্ভুল ব্যাটিংয়ে। যার উপহারটা তিনি কালই পেয়েছেন টেস্ট ক্যারিয়ারের নবম সেঞ্চুরিতে।

আজ সকালের চ্যালেঞ্জটা ছিল ভিন্ন। লিটন দাস ও মোসাদ্দেক হোসেন আউট হওয়ায় মুশফিককে লড়তে হয়েছে লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের সঙ্গে নিয়ে। সঙ্গে মিরপুরের উইকেটের অসম বাউন্সও ছিল। কাসুন রাজিতা ও আসিতা ফার্নান্ডোর কিছু বল একই কাছাকাছি জায়গা থেকে লাফিয়েছে, আবার নিচুও হয়েছে। সঙ্গে নতুন বলের উঁচু সিমের চ্যালেঞ্জ তো ছিলই।

প্রবীণ জয়বিক্রমা ও রমেশ মেন্ডিস তাঁকে জড়াতে চেয়েছেন ঘূর্ণির মায়াজালে, ফেলতে চেয়েছেন ফ্লাইটেড ডেলিভারির মোহে। কিন্তু কোনো কিছুই মুশফিককে পথভ্রষ্ট করেনি। লেজের সারির ব্যাটসম্যানদের নিয়ে তিনি বাংলাদেশের রানটাকে নিয়ে গেছেন ৩৬৫ রানে, মুশফিক অপরাজিত ছিলেন ১৭৫ রানে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের স্কোরবোর্ডে মুশফিকের নামের পাশের সংখ্যাটা তখন জ্বলজ্বল করছিল।

এটি টেস্ট ক্রিকেটে মুশফিকের পঞ্চম দেড় শ ছাড়ানো ইনিংস, যা বাংলাদেশে সর্বোচ্চ। এ নিয়ে চতুর্থবার মুশফিক ৩০০–এর বেশি বল খেলেছেন। জাভেদ ওমর ছাড়া কেউই দুবারের বেশি ৩০০ বল খেলেননি।

উইকেটে সেট হয়ে সুইপ খেলেছেন মুশফিক

অথচ এই মুশফিক তাঁর টেস্ট ক্যারিয়ারের প্রথম পাঁচ বছর কাটিয়েছেন সেঞ্চুরি–খরায়। ২০০৫ সালে টেস্ট অভিষিক্ত মুশফিক প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছিলেন ২০১০ সালে চট্টগ্রামে ভারতের বিপক্ষে। ২০১৩ সালে গল টেস্টে ডাবল সেঞ্চুরি পাওয়ার আগে প্রথম ৩০ টেস্টে মুশফিকের একমাত্র সেঞ্চুরি চট্টগ্রামের সেই ইনিংসটিই।

গলের সেই মহাকাব্যের পর মুশফিক সেঞ্চুরি পেয়েছেন আরও সাতটি—এর চারটিই আবার ১৫০ ছাড়ানো। টেস্ট ক্যারিয়ারের পাঁচটি ১৫০ ছাড়ানো ইনিংসের তিনটিকেই আবার ডাবল সেঞ্চুরি বানিয়েছেন টেস্টে বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ এই ব্যাটসম্যান। সংখ্যাগুলোর কারণেই মুশফিককে ক্রিকেটের ভাষায় ‘ড্যাডি সেঞ্চুরিয়ান’ বলা যায়। একবার থিতু হলেই হলো। প্রতিপক্ষের ধৈর্যের চরম পরীক্ষা নেবেন। গল, ওয়েলিংটন, হায়দরাবাদ, চট্টগ্রাম, মিরপুর—এমন কত উদাহরণ এখন মুশফিকের নামের পাশে।

বড় শতকের নেশার কথাটা চট্টগ্রাম টেস্টে মুশফিক নিজেই বলেছিলেন, ‘টেস্ট ক্রিকেট আপনাকে বিচার করবে আপনি কতগুলো সেঞ্চুরি করতে পারলেন সেটা দিয়ে, বড় সেঞ্চুরি। একটা আমার ইচ্ছে ছিল যে যত বেশি দিন টেস্ট ক্রিকেট খেলতে পারি, বড় বড় অর্জন যেন করতে পারি। ব্যক্তিগতভাবে এবং দলগতভাবে।’ সেই সংবাদ সম্মেলনে মুশফিক এটাও বলেছিলেন, ‘প্রথম টেস্ট খেলার পর লক্ষ্য ছিল কীভাবে দ্বিতীয় টেস্টটা খেলতে পারব।’

বড় শতকের নেশা আছে মুশফিকের

শ্রীলঙ্কার বিপক্ষে চলমান মিরপুর টেস্টটি মুশফিকের ৮২তম। ৩৫ বছর বয়সী মুশফিক টেস্ট খেলছেন ১৭ বছর ধরে। মুশফিক নিজে অস্বীকার করলেও অভিজ্ঞতার যে দাম আছে, সেটি তো মাঠের ক্রিকেটেই প্রমাণ হচ্ছে। টেস্ট ক্রিকেটটাও যে অভিজ্ঞদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয়, সেই উদাহরণ তো কম নয়। ইউনিস খান, কুমার সাঙ্গাকারা, শিবনারায়ণ চন্দরপল, রাহুল দ্রাবিড়, মিসবাহ–উল–হকরা যে ৪০ বছর পর্যন্ত খেলে গেছেন অনায়াসে!

তাঁদের মতো মুশফিকও বুড়ো বয়সে ভয়ংকর হয়ে উঠুন। মুশফিকের সাফল্য না হয় আমরা ইনস্টাগ্রাম রিল কিংবা ফেসবুকের ভিডিওর হাজার হাজার শেয়ারের মাধ্যমে উদ্‌যাপন করে নেব।